রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনায় চলচ্চিত্র শিল্পী সমিতিতে দোয়া

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৭, ২০২৫, ০১:১৭ পিএম

ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনায় চলচ্চিত্র শিল্পী সমিতিতে দোয়া

ছবি - সংগৃহীত

জনপ্রিয় চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ার খবরে দেশের চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে বিষাদের ছায়া। প্রিয় সহকর্মীর দ্রুত আরোগ্য কামনায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি মঙ্গলবার এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি)-তে অবস্থিত শিল্পী সমিতির কার্যালয়ে সমিতির সভাপতি মিশা সওদাগরের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে চলচ্চিত্র অঙ্গনের প্রবীণ ও নবীন শিল্পীরা অংশ নেন এবং সম্মিলিতভাবে ইলিয়াস কাঞ্চনের সুস্থতার জন্য প্রার্থনা করেন।দোয়া শেষে আবেগাপ্লুত কণ্ঠে মিশা সওদাগর বলেন, “ইলিয়াস কাঞ্চন শুধু একজন কিংবদন্তী অভিনেতাই নন, তিনি আমাদের সবার অনুপ্রেরণা।

তার অসুস্থতার খবরে আমরা গভীরভাবে ব্যথিত। আমরা আল্লাহর কাছে তার পূর্ণ সুস্থতা কামনা করছি।”মিশা সওদাগর আরও জানান, তিনি প্রায় দশ দিন আগেই অভিনেত্রী রোজিনার মাধ্যমে প্রথম ইলিয়াস কাঞ্চনের অসুস্থতার খবর পান। কিন্তু পরিবারের অনুরোধে বিষয়টি তখন প্রকাশ করেননি। গতকাল পারিবারিকভাবে খবরটি জানানোর পর শিল্পী সমিতি এই সম্মিলিত দোয়ার আয়োজন করে।

উল্লেখ্য, ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। গত আগস্ট মাসে তার মস্তিষ্কে একটি অস্ত্রোপচার করা হয় এবং বর্তমানে তিনি রেডিয়েশন ও কেমোথেরাপির মধ্য দিয়ে যাচ্ছেন।