অক্টোবর ২১, ২০২৫, ০৪:১৪ পিএম
ঢাকাই চলচ্চিত্রের নব্বই দশকের জনপ্রিয় নায়ক বাপ্পারাজ দীর্ঘ বিরতি ভেঙে আবারও বড় পর্দায় ফিরছেন। তবে তার এই প্রত্যাবর্তন আসছে নতুন এক চমক নিয়ে। পরিচালক মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমা ‘বিদায়’-এ তিনি প্রথমবারের মতো জুটি বাঁধতে চলেছেন এই প্রজন্মের তরুণ অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির সঙ্গে।
প্রযোজক শাহরিন আক্তার জানিয়েছেন, এটি একটি মানবিক ও সামাজিক সচেতনতামূলক গল্পের সিনেমা, যা পরিবার নিয়ে দেখার মতো। গত শুক্রবার থেকে সুনামগঞ্জের মনোরম লোকেশনে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। সোমবার (২০ অক্টোবর) থেকে শুটিংয়ে যোগ দিয়েছেন বাপ্পারাজ, ছবিতে তাকে একজন চেয়ারম্যানের চরিত্রে দেখা যাবে। বাপ্পারাজ ও দীঘি ছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করছেন ফজলুর রহমান বাবু এবং ফারুক আহমেদের মতো জনপ্রিয় শিল্পীরা।
সিনেমার গল্প নিয়ে বাপ্পারাজ এখনই বিস্তারিত জানাতে নারাজ। তিনি বলেন, “চুক্তির শর্ত অনুযায়ী আপাতত সিনেমা নিয়ে কথা বলা নিষেধ। শুটিং শেষ করে মাসের শেষে বিস্তারিত জানাতে পারব।”প্রযোজনা সংস্থা সূত্রে জানা গেছে, সুনামগঞ্জে টানা শুটিং চলবে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত। এরপর ছবির কিছু অংশের শুটিং হবে মধ্যপ্রাচ্যের একটি দেশে।
সিনেমার গল্পে প্রত্যন্ত অঞ্চল থেকে এক তরুণের বিদেশে পাড়ি জমানোর স্বপ্ন এবং সেই যাত্রাপথের মানবিক টানাপোড়েন ফুটে উঠবে। প্রযোজক বলেন, “এই ছবির গল্পই আসল নায়ক। আমরা এমন একটি সিনেমা বানাতে চাই, যা দর্শকের মনে মানবিকতার বার্তা পৌঁছে দেবে।”আসন্ন কোনো ঈদ বা উৎসবের মৌসুমে ‘বিদায়’ ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন