রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ম্যাডক হরর ইউনিভার্সের নতুন নায়িকা কে?

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২১, ২০২৫, ০৫:১৬ পিএম

ম্যাডক হরর ইউনিভার্সের নতুন নায়িকা কে?

ছবি - সংগৃহীত

স্ত্রী’, ‘ভেড়িয়া’ এবং ‘মুঞ্জ্যা’র মতো সুপারহিট ছবি দিয়ে ম্যাডক ফিল্মস যে হরর কমেডি ইউনিভার্স তৈরি করেছে, তাতে এবার নতুন এক তারকার সংযোজন হলো। এই মহাবিশ্বের পরবর্তী ছবি ‘শক্তি-শালিনী’-তে প্রথমবারের মতো মুখ্য চরিত্রে দেখা যাবে ‘সাইয়ারা’ খ্যাত অভিনেত্রী অনীত পাড্ডাকে। প্রথমে এই চরিত্রের জন্য কিয়ারা আদভানির নাম শোনা গেলেও, শেষ পর্যন্ত অনীতই এই বহুল প্রতীক্ষিত ছবিতে জায়গা করে নিয়েছেন।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সম্প্রতি দীপাবলিতে মুক্তি পাওয়া এই ইউনিভার্সের ছবি ‘থাম্মা’-এর সঙ্গেই ‘শক্তি-শালিনী’-এর একটি ঘোষণাপত্র ভিডিও যুক্ত করা হয়েছে। নির্মাতারা এখন আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, ছবিটি ২০২৬ সালের ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।

‘শক্তি-শালিনী’ হতে যাচ্ছে ম্যাডক হরর কমেডি ইউনিভার্সের ষষ্ঠ অধ্যায়। ২০১৮ সালে ‘স্ত্রী’ দিয়ে এর যাত্রা শুরু হয়েছিল, যা পরবর্তীতে ‘ভেড়িয়া’, ‘মুঞ্জ্যা’, ‘স্ত্রী ২’ এবং ‘থাম্মা’র মাধ্যমে আরও বিস্তৃত হয়েছে।নির্মাতারা এই ইউনিভার্স নিয়ে তাদের বিশাল পরিকল্পনাও প্রকাশ করেছেন। ২০২৬ সালেই ‘শক্তি-শালিনী’ ছাড়াও মুক্তি পাবে ‘চামুন্ডা’ ও ‘ভেড়িয়া ২’। এরপর ২০২৭ সালে আসবে ‘স্ত্রী ৩’ এবং ২০২৮ সালে ‘মহামুঞ্জ্যা’,

‘পেহলা মহাযুদ্ধ’ ও ‘দুসরা মহাযুদ্ধ’-এর মতো বিশাল ক্যানভাসের ক্রসওভার সিনেমার মাধ্যমে এই ফ্র্যাঞ্চাইজি নতুন উচ্চতায় পৌঁছাবে।এই ইউনিভার্সে ইতোমধ্যে শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও, বরুণ ধাওয়ান, আয়ুষ্মান খুরানা, রাশমিকা মান্দানা এবং অক্ষয় কুমারের মতো তারকারা যুক্ত হয়েছেন। এবার সেই তালিকায় যোগ দিলেন অনীত পাড্ডা। বলিউড মহলে গুঞ্জন, ‘শক্তি-শালিনী’ হয়তো ভারতের নিজস্ব মার্ভেল ধাঁচের এক সিনেমাটিক বিপ্লবের সূচনা করতে চলেছে।