অক্টোবর ২১, ২০২৫, ০৬:৩২ পিএম
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে ‘প্রতারণা’র অভিযোগ তুলেছেন ‘আপোনিয়া’ নামক একটি অনলাইন ফ্যাশন পেজের স্বত্বাধিকারী ঝিলিক নামের এক নারী উদ্যোক্তা। তিনি দাবি করেছেন, তানজিন তিশা তার পেজ থেকে একটি জামদানি শাড়ি নিয়ে তার বিনিময়ে প্রচারণার কথা থাকলেও, গত ১০ মাসেও তিনি সেই প্রতিশ্রুতি রাখেননি, এমনকি শাড়ির মূল্যও পরিশোধ করেননি।
ওই নারী উদ্যোক্তার অভিযোগ, গত ১৭ জানুয়ারি তানজিন তিশা তার ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ‘আপোনিয়া’ পেজে যোগাযোগ করে কয়েকটি শাড়ি দেখতে চান। একটি শাড়ি পছন্দ করার পর, পেজের পক্ষ থেকে তাকে জানানো হয় যে, শাড়ির মূল্য পরিশোধ করতে হবে না, শুধু শাড়িটি পরে ছবি তুলে পেজটিকে ‘প্রমোট’ করে দিলেই হবে। তিশা সেই প্রস্তাবে রাজি হন এবং শাড়িটি গ্রহণ করেন।
কিন্তু এরপর প্রায় ১০ মাস পার হয়ে গেলেও তিনি কোনো প্রচারণা চালাননি এবং এক পর্যায়ে উদ্যোক্তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন।এই অভিযোগটি গণমাধ্যমে ছড়িয়ে পড়লে তানজিন তিশাও চুপ থাকেননি। তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে এই অভিযোগের কড়া জবাব দিয়েছেন।তিশা ব্যঙ্গাত্মকভাবে লেখেন, “গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক! হা…হা! আর ফটোশুট-ই যদি করাতে চান, পারিশ্রমিক কই? আজব নারী উদ্যোক্তা! আপনার গিফটরে সালাম!”
এই তারকা অভিনেত্রীর এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। ভক্তদের অনেকেই তিশার পক্ষে কথা বললেও, কেউ কেউ নারী উদ্যোক্তার প্রতি সহানুভূতি জানাচ্ছেন।এদিকে, তানজিন তিশা বর্তমানে তার প্রথম সিনেমা ‘সোলজার’-এর কাজ নিয়ে ব্যস্ত আছেন। সাকিব ফাহাদ পরিচালিত এই সিনেমাটিতে তিনি সুপারস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন