নভেম্বর ১২, ২০২৫, ০৭:৩৪ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ইসলামী ছাত্রিসংস্থার আয়োজনে 'মডেস্ট গ্লো মিশন’ স্লোগানে দুই দিনব্যাপী হিজাব বিতরণ কর্মসূচি শেষ হয়েছে। বুধবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের নিচতলায় কর্মসূচির দ্বিতীয় দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এর আগে মঙ্গলবার পালিত হয় প্রথম দিনের কার্যক্রম।আয়োজকরা জানিয়েছেন, গত ১০ নভেম্বর সকাল থেকে ১১ নভেম্বর সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে অনলাইনে মোট ১ হাজার ১৫ জন নারী শিক্ষার্থী এই কর্মসূচির জন্য রেজিস্ট্রেশন করেন।
তাদের মধ্যে বেশিরভাগ শিক্ষার্থীই বুধবার হিজাব সংগ্রহ করেছেন এবং যারা এখনো সংগ্রহ করতে পারেননি, তাদের কাছেও সংগঠনের নেত্রীরা হিজাব পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন।
জবি শাখা ছাত্রিসংস্থার সভানেত্রী সুখীমন খাতুন এই উদ্যোগের উদ্দেশ্য ব্যাখ্যা করে বলেন, "যেসব আপুরা পর্দা করেন এবং যারা করেন না—উভয়েরই আমাদের কাছ থেকে হিজাব নিয়েছেন। আমরা মূলত এই বার্তাই দিতে চাই যে, হিজাব কোনোভাবেই নারীর অগ্রগতির অন্তরায় নয়; বরং এটি সুরক্ষা ও মর্যাদার প্রতীক। হিজাব নিয়ে নারী শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক মনোভাব গড়ে তুলতেই আমাদের এই ফিচারধর্মী উদ্যোগ।" তিনি আরও বলেন, প্রত্যাশার চেয়েও বেশি সাড়া পাওয়ায় তারা আনন্দিত।
কর্মসূচি থেকে হিজাব সংগ্রহ করা অর্থনীতি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী গাজী সামিয়া এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, "এ ধরনের আয়োজনের মাধ্যমে শুধু মডেস্টি প্রচারই নয়, আমাদের পারস্পরিক সংযোগও বাড়ছে। এমন ইতিবাচক কর্মসূচি অন্যান্য সংগঠনগুলোরও আয়োজন করা উচিত।"


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন