রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

১৮ ফেব্রুয়ারি চাঁদ দেখার অনুকূল সময় ৫০ মিনিট: জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষক

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৬:৫৫ পিএম

১৮ ফেব্রুয়ারি চাঁদ দেখার অনুকূল সময় ৫০ মিনিট: জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষক

১৮ ফেব্রুয়ারি চাঁদ দেখার অনুকূল সময়

রমজান শুরুর মাহেন্দ্রক্ষণ গণনা শুরু হয়ে গেছে। বাংলাদেশে আগামী ১৮ ফেব্রুয়ারি চাঁদ দেখার জন্য প্রায় ৫০ মিনিট সময় অনুকূলে থাকতে পারে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষকেরা। বেসরকারি সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের (বিডব্লিউওটি) দেওয়া তথ্য অনুযায়ী, ওই দিন সূর্যাস্তের পর চাঁদ পশ্চিম আকাশে তুলনামূলক দীর্ঘ সময় অবস্থান করবে, যা খালি চোখে চাঁদ দেখার জন্য সহায়ক।

বিডব্লিউওটি-র হিসাব অনুযায়ী, ১৭ ফেব্রুয়ারি রাতে নতুন চাঁদের (নিউ মুন) জন্ম হবে। সাধারণত নতুন চাঁদ সৃষ্টি হওয়ার অন্তত ১২ থেকে ১৮ ঘণ্টা পার না হলে তা খালি চোখে দেখা সম্ভব হয় না। ফলে ১৭ ফেব্রুয়ারি রাতে পৃথিবীর অধিকাংশ স্থানেই চাঁদ দেখার সম্ভাবনা ক্ষীণ। 

তবে মধ্যপ্রাচ্যে অত্যাধুনিক টেলিস্কোপ ব্যবহার করে ওই রাতে চাঁদ দেখা গেলে সেখানে ১৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হতে পারে।বাংলাদেশে ১৮ ফেব্রুয়ারি সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫৮ মিনিটে এবং চাঁদাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে। 

অর্থাৎ সূর্যাস্তের পর চাঁদ প্রায় ৫০ থেকে ৫১ মিনিট আকাশে অবস্থান করবে। তখন চাঁদের বয়স হবে প্রায় ২৪ ঘণ্টা, যা খালি চোখে দেখার জন্য আদর্শ। তবে এই বিষয়টি সম্পূর্ণভাবে নির্ভর করবে ওই দিনের আকাশের স্বচ্ছতা, মেঘের অবস্থান এবং বায়ুদূষণের মাত্রার ওপর।

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, এবার মধ্যপ্রাচ্য ও বাংলাদেশের মধ্যে সময়ের ব্যবধান কম থাকায় ‘ক্লোজ কল’ পরিস্থিতি তৈরি হতে পারে। গত বছরের মতো এবারও একই দিনে রোজা বা ঈদ হওয়ার একটি প্রচ্ছন্ন সম্ভাবনা রয়ে যাচ্ছে। ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশে চাঁদ দেখা গেলে ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ২০২৬ সালের পবিত্র মাহে রমজান।