রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

টানা ৩০ দিন ভেজানো কিশমিশ: শরীরে আসে যে ৬ ইতিবাচক পরিবর্তন

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১০, ২০২৫, ০৪:২৯ পিএম

টানা ৩০ দিন ভেজানো কিশমিশ: শরীরে আসে যে ৬ ইতিবাচক পরিবর্তন

শুকনো আঙুর থেকে তৈরি কিশমিশ কেবল মিষ্টি একটি ফল নয়, এটি গুণেও ভরপুর। আয়রন, ফাইবার, পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ এই ফল শরীরে শক্তির জোগান দেওয়ার পাশাপাশি নানা জটিল সমস্যা দূর করতেও দারুণ কার্যকর।কিশমিশ শুকনো খাওয়ার চেয়ে ভিজিয়ে খেলে এর পুষ্টিগুণ বহুগুণে বৃদ্ধি পায়।

ভেজানোর ফলে কিশমিশের ভেতরের গুরুত্বপূর্ণ ভিটামিন ও মিনারেলগুলো শরীরে দ্রুত শোষিত হয়, হজম প্রক্রিয়া সহজ হয় এবং শরীরের বিভিন্ন অঙ্গের কার্যকারিতা উন্নত হয়।আয়ুর্বেদ শাস্ত্র থেকে শুরু করে আধুনিক পুষ্টিবিজ্ঞান—সবখানেই ভেজানো কিশমিশ খাওয়ার অভ্যাসকে ‘প্রাকৃতিক ওষুধ’ হিসেবে বর্ণনা করা হয়।

পুষ্টিবিদরা দাবি করেন, কেউ যদি টানা এক মাস প্রতিদিন সকালে খালি পেটে ৮ থেকে ১০টি ভেজানো কিশমিশ খান, তাহলে তার স্বাস্থ্যে দেখা দেবে একের পর এক ইতিবাচক পরিবর্তন।ভেজা কিশমিশ কেন ভালো: শুকনো কিশমিশে প্রাকৃতিক চিনি ও ফাইবারের ঘনত্ব বেশি থাকায় তা কখনও কখনও হজমে সমস্যা সৃষ্টি করতে পারে।

কিন্তু পানিতে ভিজিয়ে রাখলে কিশমিশ নরম হয়, প্রাকৃতিক চিনির পরিমাণ কিছুটা কমে আসে এবং এর ভেতরের পুষ্টি উপাদান সহজে শরীরে মিশে যায়। এর ফলে হজমের ওপর চাপ কমে এবং পুষ্টি শোষণ বেড়ে যায়।টানা ৩০ দিন ভেজানো কিশমিশ খেলে শরীরে যে ছয়টি পরিবর্তন আসে:

১. হজম ক্ষমতার উন্নতি: কিশমিশে থাকা ফাইবার শরীরের জন্য প্রাকৃতিক রেচক বা ল্যাক্সেটিভ হিসেবে কাজ করে। সকালে ভেজানো কিশমিশ খেলে হজম প্রক্রিয়া দ্রুত হয়, দীর্ঘদিন ধরে চলা কোষ্ঠকাঠিন্য কমে আসে এবং পেটের অন্যান্য সমস্যা দূর হয়। নিয়মিত এই অভ্যাস অন্ত্রের গতি স্বাভাবিক রাখে ও হজম শক্তিকে বাড়িয়ে তোলে।

২. রক্তচাপ নিয়ন্ত্রণ: কিশমিশ পটাশিয়ামের একটি চমৎকার উৎস, যা রক্তনালীকে শিথিল করে এবং শরীরে সোডিয়ামের প্রভাবকে কমিয়ে দেয়। টানা এক মাস এটি খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আসে এবং হৃদ্‌রোগের ঝুঁকি কমে।

৩. রক্তস্বল্পতা দূর করে: আয়রন ও বি-কমপ্লেক্স ভিটামিন সমৃদ্ধ কিশমিশ রক্তে লোহিত কণিকার সংখ্যা বাড়াতে এবং হিমোগ্লোবিনের মাত্রা উন্নত করতে সাহায্য করে। ফলে রক্তস্বল্পতা দূর হয়, দুর্বলতা কমে এবং শরীরে স্বাভাবিক শক্তি ফিরে আসে।

৪. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি: ভেজানো কিশমিশে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি, যা শরীরকে ফ্রি র‍্যাডিকেলের ক্ষতি থেকে রক্ষা করে। এটি সর্দি-কাশির মতো সাধারণ সংক্রমণ কমাতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কার্যকর।

৫. ত্বক উজ্জ্বল করে ও লিভার পরিষ্কার রাখে: কিশমিশ হলো রক্ত পরিশোধক হিসেবে সহায়ক। এটি ত্বক ও লিভারের কার্যকারিতার জন্য অত্যন্ত উপকারী। এটি নিয়মিত খেলে ত্বক হয় উজ্জ্বল ও দাগহীন, লিভার ডিটক্স হয় এবং মুখে আসে প্রাকৃতিক জেল্লা।

৬. প্রাকৃতিক শক্তি যোগায় ও অ্যাসিড নিয়ন্ত্রণ: সকালে ভেজানো কিশমিশ খেলে সারাদিনের জন্য প্রাকৃতিক প্রাণশক্তি পাওয়া যায়। এতে থাকা পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম শরীরের অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণে রেখে ক্লান্তি কমায় এবং পেশির টান দূর করে মানসিক সতেজতা বাড়ায়।

ভেজানোর পদ্ধতি: রাতে ঘুমানোর আগে ৮ থেকে ১০টি কিশমিশ একটি পরিষ্কার গ্লাসে পানি দিয়ে ভিজিয়ে রাখুন। সকালে খালি পেটে কিশমিশগুলো চিবিয়ে খান এবং ভেজানো পানিটিও পান করুন। তবে ডায়াবেটিস বা ইনসুলিন-সংবেদনশীল ব্যক্তিরা এই অভ্যাস শুরুর আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।