রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

কোভিডের চেয়েও ভয়াবহ হতে পারে বার্ড ফ্লু

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৫, ১০:০২ এএম

কোভিডের চেয়েও ভয়াবহ হতে পারে বার্ড ফ্লু

বিশ্বজুড়ে পশুপাখি ও বিভিন্ন স্তন্যপায়ী প্রাণীর মধ্যে ছড়ানো বার্ড ফ্লু (Avian Influenza) যদি মানুষে মানুষে সংক্রমিত হওয়ার ক্ষমতা পায়, তাহলে তা কোভিডের চেয়েও ভয়াবহ মহামারী তৈরি করতে পারে। সম্প্রতি এ সতর্কবার্তা দিয়েছেন ফ্রান্সের পাস্তুর ইনস্টিটিউটের শ্বাসতন্ত্র সংক্রমণ বিশেষজ্ঞ মেরি-অ্যান রামেক্স-ভেলতি।

রামেক্স-ভেলতি বলেন, এই ভাইরাসের বিরুদ্ধে মানুষের কোনো প্রতিরোধ ক্ষমতা নেই। মানুষের দেহে সাধারণ ফ্লু ভাইরাস (এইচ১ ও এইচ৩) এর বিরুদ্ধে অ্যান্টিবডি থাকলেও এইচ৫ ধরনের বার্ড ফ্লুর বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা নেই।

ফলে ভাইরাসটি রূপ বদলালে তা সহজেই গুরুতর রোগ তৈরি করতে পারে এবং শিশু–স্বাস্থ্যবান মানুষসহ সবাই ঝুঁকিতে পড়বে।

উচ্চ মৃত্যুহার: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০০৩ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রায় এক হাজার মানুষের মধ্যে বার্ড ফ্লুর সংক্রমণ শনাক্ত হয়েছে, যার প্রায় ৪৮ শতাংশ মৃত্যুবরণ করেছেন।গত কয়েক বছর ধরে অত্যন্ত সংক্রামক এভিয়ান ইনফ্লুয়েঞ্জার কারণে কোটি কোটি পাখি নিধন করা হয়েছে, যা খাদ্য সরবরাহ ও বাজারমূল্যেও প্রভাব ফেলেছে। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে গৃহপালিত পাখি ও গরুর খামারে এখনো এইচ৫ ধরনটি ছড়িয়ে পড়ছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে প্রথমবার একজন মানুষের দেহে এইচ৫এন৫ বার্ড ফ্লুর সংক্রমণ শনাক্ত হয়, যিনি পরে মারা যান।রামেক্স-ভেলতি বলেন, যদিও বার্ড ফ্লু মহামারী হওয়ার আশঙ্কা রয়েছে, তবুও ফ্লুর টিকা, অ্যান্টিভাইরাল ও দ্রুত টিকা উৎপাদন সক্ষমতা এখন অনেক উন্নত। ফলে আগের চেয়ে বিশ্ব প্রস্তুত রয়েছে।