রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

মাঝরাতে হঠাৎ বুকে ব্যথা, প্রথম ১৫ মিনিটে কী করবেন

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১১, ২০২৬, ০৬:৫৫ পিএম

মাঝরাতে হঠাৎ বুকে ব্যথা, প্রথম ১৫ মিনিটে কী করবেন

মাঝরাতে হঠাৎ বুকের মধ্যে তীব্র ব্যথা বা বুকের ওপর ভারী পাথর চেপে বসার মতো অনুভূতি হলে তাকে অবহেলা না করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। অনেক সময় এই ব্যথা পিঠ, গলা কিংবা চোয়ালের দিকে ছড়িয়ে পড়ে। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষ বিষয়টিকে গ্যাস্ট্রিকের সমস্যা মনে করে ওষুধ খেয়ে অপেক্ষা করেন, যা প্রাণঘাতী হতে পারে।

ভারতের ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ ডা. নারায়ণ ব্যানার্জি এক ভিডিও বার্তায় এই সতর্কবার্তা দিয়েছেন। তিনি জানান, বুকের মাঝখানে চাপ ধরা বা ব্যথার ক্ষেত্রে প্রথম ১০ থেকে ১৫ মিনিট সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে সঠিক পদক্ষেপ না নিলে রোগীর জীবনের ঝুঁকি বেড়ে যায়।

ডা. ব্যানার্জি উল্লেখ করেন, মাঝরাতে এমন ব্যথা শুরু হলে সময় নষ্ট না করে দ্রুত নিকটস্থ হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে। বিশেষজ্ঞের মতে, গ্যাসের ওষুধ খেয়ে ব্যথা কমার জন্য বাড়িতে বসে অপেক্ষা করা আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা দ্রুত ইসিজি করে হার্টে রক্ত চলাচলের অবস্থা পরীক্ষা করেন।

পরীক্ষায় রক্ত চলাচল কম দেখা গেলে বা ব্লকের সম্ভাবনা থাকলে চিকিৎসকরা তাৎক্ষণিক প্রয়োজনীয় ওষুধ দেন। ক্ষেত্রবিশেষে হার্টের রক্ত জমাট বাঁধা গলানোর জন্য বিশেষ ইনজেকশন ব্যবহারের প্রয়োজন পড়ে। চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, হার্ট অ্যাটাকের শুরুতে চিকিৎসা শুরু হলে রোগীর বেঁচে থাকার সম্ভাবনা অনেক বেশি থাকে।

বর্তমান সময়ে অনিয়মিত জীবনযাপন, অতিরিক্ত মানসিক চাপ, অনিদ্রা ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে হৃদরোগের ঝুঁকি বেড়েছে। চিকিৎসকদের মতে, শরীরে যেকোনো অস্বাভাবিক সংকেত, বিশেষ করে শ্বাসকষ্ট বা হাত ও পিঠে চাপ অনুভূত হলে সেটিকে গুরুত্বের সঙ্গে নিতে হবে। সঠিক সময়ে চিকিৎসকের শরণাপন্ন হওয়া এবং দ্রুত রোগ নির্ণয়ই হার্ট অ্যাটাকের মতো পরিস্থিতি মোকাবিলা করার প্রধান উপায়।