বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬,

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

স্বাস্থ্য ডেস্ক

মে ১৮, ২০২৬, ১০:০৫ পিএম

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে ল্যাব পরীক্ষায় নতুন করে কারও হাম শনাক্ত হয়নি। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে আরও ১ হাজার ৪০৫ শিশুর শরীরে এই রোগের উপসর্গ দেখা গেছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৩৮৯ জনের মৃত্যু হলো।স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদন অনুযায়ী, এই নির্দিষ্ট সময়ে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৭৫ জন। সব মিলিয়ে রোগটিতে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৬৪ জনে।

নিয়ন্ত্রণ কক্ষের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত ৬৫ দিনে সারা দেশে সন্দেহজনক হামে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ হাজার ৯১১ জনে। আক্রান্তদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হতে হয়েছে ৪২ হাজার ৮৬৮ জনকে। একই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগী শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৮৫৬ জনে।

তবে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফেরার হারও রয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১ হাজার ২৩৬ জন এবং এ পর্যন্ত মোট ৩৮ হাজার ৯৮০ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।