জুন ২৫, ২০২৬, ০৫:০২ পিএম
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৯৮ জন ডেঙ্গু রোগী। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি বছর এ পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে।
অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ হারানো ব্যক্তি একজন পুরুষ। এছাড়া নতুন করে আক্রান্ত ১৯৮ জনের মধ্যে পুরুষের সংখ্যা ১২৬ জন। নতুন এই রোগীদের নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়া মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫১৫ জনে। সরকারি তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এ বছর ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি ৮ জনই মারা গেছেন চলতি জুন মাসে। এছাড়া মে মাসে ১ জন, ফেব্রুয়ারিতে ২ জন এবং জানুয়ারি মাসে ২ জনের মৃত্যু হয়েছিল।
এর আগে গত ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ২ হাজার ৮৬১ জন। ওই এক বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৪১৩ জন মানুষের মৃত্যু হয়েছিল। মৌসুমের শুরুতেই ডেঙ্গুর এই ঊর্ধ্বমুখী প্রবণতা প্রতিরোধে নাগরিকদের সচেতন থাকার পাশাপাশি মশক নিধন কার্যক্রম জোরদার করার তাগিদ দিয়েছেন চিকিৎসকেরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন