রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ২৫, ২০২৬, ০৫:৩৫ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে হাম এবং এই রোগের উপসর্গে আক্রান্ত হয়েছে আরও ৯৪৫টি শিশু। বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক এক হালনাগাদ প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত এক দিনে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে প্রমাণিত হয়ে কোনো শিশুর মৃত্যু না হলেও উপসর্গজনিত কারণে এই ৯টি শিশু প্রাণ হারিয়েছে।

গত সাড়ে তিন মাসে হাম ও হামের উপসর্গে দেশে মোট ৬৯৮টি শিশু মারা গেছে।সরকারি সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে এসে মোট ৬০৫টি শিশু মারা গেছে। এছাড়া ল্যাব টেস্টে নিশ্চিতভাবে হাম আক্রান্ত প্রমাণিত হওয়ার পর আরও ৯৩টি শিশু প্রাণ হারিয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫২টি শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গজনিত নতুন রোগীর সংখ্যা ৮৯৩ জন। এই এক দিনে ৮৬০টি শিশু নতুন করে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ৯০৬টি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৬ হাজার ৬৫৩ জনে, যার মধ্যে নিশ্চিতভাবে হাম রোগী শনাক্ত হয়েছে ১১ হাজার ৪ চেক ৪২ জন। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৮০ হাজার ৪৯৭ জন রোগী, যাদের মধ্যে ৭৬ হাজার ৭৮৮ জন সুস্থ হয়ে ইতিমধ্যে বাড়ি ফিরে গেছে। শিশুদের মাঝে এই সংক্রমণ রোধে টিকাদান কর্মসূচি জোরদার করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।