আগস্ট ৩০, ২০২৬, ১১:৪২ এএম
জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে তাপমাত্রা ক্রমাগত বাড়ছে। তবে অতিরিক্ত গরমের কারণে শারীরিক কসরত পুরোপুরি বন্ধ করে দিলে দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছেন গবেষকরা। প্রচণ্ড গরমে প্রয়োজনীয় সতর্কতা না মেনে ব্যায়াম বা খেলাধুলা করলে হিটস্ট্রোকসহ নানা শারীরিক ঝুঁকি তৈরি হতে পারে। ব্যায়ামের সময় শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা জরুরি।
গরমের মধ্যে ব্যায়াম করলে পেশিতে অক্সিজেন সরবরাহের পাশাপাশি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে ত্বকের দিকে অতিরিক্ত রক্তপ্রবাহের প্রয়োজন হয়, যা শরীরকে দ্রুত ক্লান্ত করে তোলে। তাই দিনের তুলনামূলক ঠাণ্ডা সময়ে, বিশেষ করে ভোরে কিংবা সন্ধ্যায় শরীরচর্চা করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি সরাসরি রোদ এড়িয়ে ছায়াযুক্ত স্থানে ব্যায়াম করা এবং বাতাসে আর্দ্রতা বেশি থাকলে ব্যায়ামের তীব্রতা ও সময় কমিয়ে আনা উচিত।
একটানা ব্যায়াম না করে মাঝেমধ্যে বিরতি নেওয়া এবং সম্ভব হলে ঠাণ্ডা বাতাসের জায়গায় বিশ্রাম নেওয়া দরকার। ব্যায়ামের আগে ও মাঝখানে শরীর দ্রুত ঠাণ্ডা রাখতে ঠাণ্ডা পানিতে হাত ডুবিয়ে রাখা, শরীরে পানি ঢালা কিংবা ভেজা তোয়ালে দিয়ে শরীর মুছে নেওয়া যেতে পারে। এ ছাড়া হালকা বরফ মেশানো পানি পান করা কিংবা ধীরে ধীরে গরম পরিবেশে ব্যায়ামের অভ্যাস গড়ে তোলা শরীরকে তাপমাত্রার সাথে মানিয়ে নিতে সহায়তা করে।
ব্যায়ামকালে মাথা ঘোরা, বমি ভাব বা বুক ধড়ফড় করলে সঙ্গে সঙ্গে তা বন্ধ করতে হবে। প্রয়োজনে দ্রুত ঠাণ্ডা ও ছায়াযুক্ত স্থানে গিয়ে বিশ্রাম নেওয়ার পাশাপাশি উপসর্গ গুরুতর হলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। নিয়মিত কিছু সতর্কতা মেনে চললে অতিরিক্ত গরমেও সুস্থ ও নিরাপদ থাকা সম্ভব।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন