অক্টোবর ১৭, ২০২৫, ০৮:৫৬ পিএম
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে চলমান উদ্বেগের মধ্যে কিছুটা স্বস্তির খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে, এই সময়ে নতুন করে ৫১০ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।শুক্রবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫২ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫৮ জন। ঢাকার বাইরে নতুন শনাক্ত রোগীর মধ্যে বরিশাল বিভাগে ৬৫ জন, চট্টগ্রাম বিভাগে ৮৮ জন এবং ঢাকা বিভাগে (সিটি এলাকার বাইরে) ১৮১ জন রয়েছেন।
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা ২৩৮ জনে অপরিবর্তিত রয়েছে। সর্বমোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬ হাজার ৪১২ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩ হাজার ৮৯ জন।বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে মোট ৩ হাজার ৮৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন