অক্টোবর ১৮, ২০২৫, ০৫:১৫ পিএম
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে, নতুন করে আরও ৬১৯ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।শনিবার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন একজনসহ চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৯ জনে। এছাড়া, এ বছর এখন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৭ হাজার ৩১ জন।বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন আক্রান্ত ৬১৯ জনের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৯৩ জন ভর্তি হয়েছেন।
ঢাকার বাইরে সবচেয়ে বেশি ১৮১ জন রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে)। এরপরই বরিশাল বিভাগে ১২৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১ হাজার ১২৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৪ হাজার ২১৮ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ২ হাজার ৫৭৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন