রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু, নতুন ভর্তি ১০৩৪

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৬, ২০২৫, ০৫:৫০ পিএম

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু, নতুন ভর্তি ১০৩৪

সারা দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৪ জন নতুন রোগী।বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় তিনজন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় একজন এবং ময়মনসিংহ বিভাগে একজন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে যে ১ হাজার ৩৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের মধ্যে ঢাকা উত্তর সিটিতে ২০০ জন এবং ঢাকা দক্ষিণ সিটিতে ১৭১ জন নতুন রোগী রয়েছেন। এছাড়া বরিশাল বিভাগে ১৩৪ জন, চট্টগ্রাম বিভাগে ১০৩ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৮৮ জন, খুলনা বিভাগে ৫৫ জন, ময়মনসিংহ বিভাগে ৬৬ জন, রাজশাহী বিভাগে ৭৯ জন, রংপুর বিভাগে ৩৩ জন এবং সিলেট বিভাগে ৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

গত একদিনে সারা দেশে ৯০১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন মোট ৭২ হাজার ৩৮৮ জন।এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৭৬ হাজার ২৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৩০৮ জনের। গত ২০২৪ সালের তুলনায় (১ লাখ ১ হাজার ২১৪ জন আক্রান্ত ও ৫৭৫ জন মৃত্যু) আক্রান্তের সংখ্যা কিছুটা কম হলেও, ডেঙ্গুর প্রকোপ এখনও জনস্বাস্থ্যের জন্য একটি বড় উদ্বেগ হিসেবে রয়ে গেছে।