বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

অ্যান্ড্রয়েডে ‘কমেট’ এআই ব্রাউজার ফ্রি: কী কী সুবিধা পাবেন?

তথ্যপ্রযুক্তি ডেস্ক

নভেম্বর ২২, ২০২৫, ০৫:১৯ পিএম

অ্যান্ড্রয়েডে ‘কমেট’ এআই ব্রাউজার ফ্রি: কী কী সুবিধা পাবেন?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এআইনির্ভর ব্রাউজার ‘কমেট’ উন্মুক্ত করে দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান পারপ্লেক্সিটি। গুগল প্লেস্টোর থেকে ব্রাউজারটি এখন সম্পূর্ণ ফ্রি ডাউনলোড করা যাচ্ছে। উল্লেখ্য, চলতি বছরের শুরুতে কমেট শুধু পারপ্লেক্সিটির প্রো-গ্রাহকদের জন্য চালু করা হয়েছিল এবং তখন গ্রাহকদের এর জন্য মাসে দুইশ ডলার পরিশোধ করতে হতো।

তবে গত মাস থেকে সকল ব্যবহারকারীর জন্য এর অ্যাক্সেস খুলে দেওয়া হয় এবং অ্যান্ড্রয়েড সংস্করণেও সেই সুবিধা বহাল থাকছে।মোবাইল সংস্করণে কমেট ব্রাউজারে ডেস্কটপ ভার্সনের বেশিরভাগ ফিচারই রয়েছে।

ব্যবহারকারীরা এর মাধ্যমে পারপ্লেক্সিটির এআই অ্যাসিস্টেন্ট ব্যবহার করতে পারবেন, সার্চের সারসংক্ষেপ পেয়ে যাবেন এবং ভয়েসের মাধ্যমেও ব্রাউজারের সঙ্গে খোশগল্প করতে পারবেন।

এই নতুন ফিচারগুলো ব্রাউজিং অভিজ্ঞতাকে আরও সহজ ও গতিময় করবে বলে আশা করা হচ্ছে।তবে এই ব্রাউজার চালুর অন্যতম লক্ষ্য হিসেবে পারপ্লেক্সিটি শুরু থেকেই জানিয়েছিল, এর মাধ্যমে ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করা হবে, যাতে টার্গেটেড বিজ্ঞাপন আরও কার্যকরভাবে দেখানো যায়। এই ধরনের এআই ব্রাউজিং উদ্যোগকে কেন্দ্র করে প্রযুক্তি জগতে উদ্বেগও তৈরি হয়েছে।

অ্যামাজন ইতোমধ্যে অভিযোগ তুলেছে যে, বিশেষ করে অনলাইন শপিংয়ে এআই ব্যবহারের বিষয়টি তাদের জন্য চ্যালেঞ্জিং। প্রযুক্তি সাইট এনগ্যাজেটও সতর্ক করেছে যে, এ ধরনের ফিচার প্রতারকদের জন্য নতুন সুযোগ তৈরি করতে পারে। পারপ্লেক্সিটি ছাড়াও আরও বেশ কিছু প্রযুক্তি কোম্পানি তাদের ব্রাউজিং অভিজ্ঞতায় এআই যুক্ত করার প্রস্তুতি নিচ্ছে।