রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ব্যবহারকারীর শরীরের তাপমাত্রার সঙ্গে বদলাবে ফোনের রং

তথ্যপ্রযুক্তি ডেস্ক

ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৬:২৫ পিএম

ব্যবহারকারীর শরীরের তাপমাত্রার সঙ্গে বদলাবে ফোনের রং

স্মার্ট দুনিয়ায় অবিশ্বাস্য রং বদলানো ফোন

প্রযুক্তি বিশ্বে নিত্যনতুন উদ্ভাবনের ধারায় এবার এক চমকপ্রদ স্মার্টফোন বাজারে নিয়ে এসেছে জনপ্রিয় ব্র্যান্ড অপ্পো। তাদের নতুন মডেল রেনো ১৪ ৫জি দিওয়ালি এডিশনের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর পেছনের প্যানেলের রং পরিবর্তনের ক্ষমতা। বিশেষ এই প্রযুক্তির কারণে ব্যবহারকারীর শরীরের তাপমাত্রার সংস্পর্শে এলেই ফোনের ব্যাক প্যানেলের রং বদলে যাবে। 

গ্লোশিফট টেকনোলজি নামক এই প্রযুক্তির কল্যাণে ফোনটি কালো থেকে সোনালি রঙে রূপান্তরিত হতে পারে যা স্মার্টফোন প্রেমীদের মধ্যে গভীর কৌতূহল সৃষ্টি করেছে।

ফোনটির পেছনের অংশে দৃষ্টিনন্দন মান্ডালা আর্টের ডিজাইন ব্যবহার করা হয়েছে যা একে সাধারণ স্মার্টফোন থেকে আলাদা আভিজাত্য প্রদান করে। কারিগরি বৈশিষ্ট্যের দিক থেকে এটি স্ট্যান্ডার্ড অপ্পো রেনো ১৪ মডেলের মতোই শক্তিশালী। এতে রয়েছে ৬.৫৯ ইঞ্চির ১২০ হার্জ অ্যামোলেড ডিসপ্লে যা ব্যবহারকারীকে উন্নত দৃশ্যমানতার অভিজ্ঞতা দেবে। 

ফটোগ্রাফির জন্য এই ফোনে যুক্ত করা হয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রধান সেন্সর ক্যামেরা। দ্রুতগতি নিশ্চিত করতে এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ চিপসেট ব্যবহার করা হয়েছে।দীর্ঘক্ষণ ব্যবহারের নিশ্চয়তা দিতে ফোনটিতে ৬০০০ এমএএইচ ক্ষমতার শক্তিশালী ব্যাটারি এবং ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা রাখা হয়েছে। 

বর্তমানে ভারতের বাজারে ফোনটির ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম নির্ধারণ করা হয়েছে ৩৯ হাজার ৯৯৯ রুপি। তবে বিশেষ উৎসবের অফারে এটি ৩৬ হাজার ৯৯৯ রুপিতে কেনা যাচ্ছে। গ্রাহকরা অপ্পোর নিজস্ব ওয়েবসাইট ছাড়াও ফ্লিপকার্ট এবং অ্যামাজন থেকে এই বিশেষ এডিশনটি সংগ্রহ করতে পারবেন।