রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ঘরের যে ৪ জায়গায় রাউটার রাখলে ইন্টারনেটের গতি কমে যায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক

মে ২, ২০২৬, ১১:৩৮ এএম

ঘরের যে ৪ জায়গায় রাউটার রাখলে ইন্টারনেটের গতি কমে যায়

উন্নত মানের রাউটার বা দামি ইন্টারনেট প্যাকেজ ব্যবহারের পরেও অনেক সময় ইন্টারনেটের গতি আশানুরূপ পাওয়া যায় না। বারবার সংযোগ বিচ্ছিন্ন হওয়া বা গতি কমে যাওয়ার পেছনে সার্ভিস প্রোভাইডারের ত্রুটির চেয়েও বড় কারণ হতে পারে ওয়াইফাই রাউটারের অবস্থান। বিশেষজ্ঞরা বলছেন, ভালো স্পিড পাওয়ার ক্ষেত্রে ঘরের কোথায় রাউটার বসানো হয়েছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ওয়াইফাই সিগন্যাল চলাচলের ক্ষেত্রে দূরত্ব, দেয়াল, ধাতব বস্তু এবং বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের বাধা সিগন্যালকে দুর্বল করে দেয়। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, ঘরের চারটি নির্দিষ্ট স্থানে রাউটার রাখলে ইন্টারনেটের গতি উল্লেখযোগ্য হারে কমে যেতে পারে। 

এর মধ্যে সবচেয়ে সাধারণ ভুল হলো রাউটারকে টিভির পেছনে বা খুব কাছাকাছি রাখা। টিভির ধাতব প্লেট এবং অভ্যন্তরীণ বৈদ্যুতিক যন্ত্রাংশ ওয়াইফাই সিগন্যালের গতির পথে বড় বাধা তৈরি করে।অনেকে ঘরের সৌন্দর্য রক্ষায় রাউটারকে আলমারি, বুকশেলফ বা কোনো বন্ধ জায়গার ভেতরে লুকিয়ে রাখেন। 

এ ধরনের আবদ্ধ স্থানে রাউটার রাখলে সিগন্যাল চারদিকে ঠিকভাবে ছড়িয়ে পড়তে পারে না। ফলে ঘরের অন্যান্য অংশে ইন্টারনেট অত্যন্ত ধীরগতির হয়ে পড়ে। এ ছাড়া ঘরের মেঝেতে বা অনেক দূরে অন্য কোনো তলায় রাউটার রাখা হলে দেয়াল ও কার্পেটের বাধার কারণে সিগন্যাল স্থায়িত্ব হারায়।ডিভাইস ইন্টারফেয়ারেন্সের কারণেও ইন্টারনেটের গতি কমে যাওয়ার সম্ভাবনা থাকে। 

ঘরে থাকা ২.৪ গিগাহার্টজ বা ৫ গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে কাজ করা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের খুব কাছে রাউটার রাখা হলে একে অপরের সিগন্যালকে প্রভাবিত করে। এতে ইন্টারনেট সংযোগ বারবার বিচ্ছিন্ন হওয়ার মতো সমস্যা তৈরি হতে পারে।

ওয়াইফাই রাউটারের অবস্থান নির্ধারণের ক্ষেত্রে বিশেষজ্ঞরা ঘরের খোলা এবং তুলনামূলক উঁচু স্থান বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন। ঘরের মাঝামাঝি কোনো স্থানে রাউটার রাখলে চারদিকে সমানভাবে সিগন্যাল পৌঁছানো সহজ হয়। জানালা বা দরজার একদম কাছে রাউটার রাখা হলে সিগন্যালের বড় অংশ ঘরের বাইরে চলে যায়, যা এড়িয়ে চলা উচিত। রাউটারের অ্যান্টেনাগুলো ভিন্ন ভিন্ন দিকে সেট করে রাখলে সিগন্যাল আরও কার্যকরভাবে ছড়িয়ে পড়ে বলে প্রযুক্তিবিদরা জানিয়েছেন।