আগস্ট ৩, ২০২৬, ০৫:৪৮ পিএম
চলতি বছরের জুন প্রান্তিকে ১০৯ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার আয়ের নতুন রেকর্ড গড়েছে শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। শুক্রবার প্রতিষ্ঠানটির প্রকাশিত আর্থিক প্রতিবেদনে বলা হয়, গত বছরের একই সময়ের তুলনায় এই আয় প্রায় ১৬ শতাংশ বেশি।কোম্পানির ইতিহাসে জুন প্রান্তিকে এটিই সর্বোচ্চ রাজস্ব আয়ের ঘটনা।
প্রকাশিত তথ্য অনুযায়ী, এই সময়ে অ্যাপলের নিট মুনাফা দাঁড়িয়েছে ২৯ দশমিক ৮ বিলিয়ন ডলারে। তাদের আয়ের সবচেয়ে বড় উৎস আইফোন বিক্রি থেকেই এসেছে ৫৪ দশমিক ২৫ বিলিয়ন ডলার। পাশাপাশি ম্যাক কম্পিউটার বিক্রিতেও বড় ধরনের প্রবৃদ্ধি দেখা গেছে। প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক জানিয়েছেন, বিশ্বের প্রতিটি অঞ্চলে আইফোন, ম্যাক ও সেবা খাতে তাদের আয় বেড়েছে।
নতুন পণ্য নিয়ে আসা এবং ক্রমবর্ধমান চাহিদাই এই সাফল্যের মূল কারণ বলে মনে করেন তিনি।অ্যাপলের প্রধান আর্থিক কর্মকর্তা কেভান পারেখ জানান, শেয়ারপ্রতি আয় ও পরিচালন নগদ প্রবাহেও নতুন রেকর্ড তৈরি হয়েছে। বিশ্বজুড়ে সচল অ্যাপল ডিভাইসের সংখ্যা এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তবে বাজার বিশ্লেষকরা বলছেন, শক্তিশালী বিক্রির পরও ভবিষ্যৎ প্রান্তিকের তুলনামূলক সতর্ক পূর্বাভাসের কারণে শেয়ারবাজারে কোম্পানির শেয়ারের দামে কিছুটা চাপ তৈরি হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন