বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

উসাইন বোল্টের রেকর্ড ভাঙল অনারের মানবাকৃতির রোবট

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২২, ২০২৬, ০৬:৪৪ পিএম

উসাইন বোল্টের রেকর্ড ভাঙল অনারের মানবাকৃতির রোবট

ছবি : সংগৃহীত

বিশ্বের দ্রুততম মানব, জ্যামাইকান দৌড়বিদ উসাইন বোল্টের ১০০ মিটারের ৯ দশমিক ৫৮ সেকেন্ডের বিশ্বরেকর্ড ভেঙে নতুন উচ্চতা স্পর্শ করেছে চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠান অনারের তৈরি মানবাকৃতির রোবট ‘লাইটনিং’। রোবটটি ১০০ মিটার দৌড় সম্পন্ন করতে মাত্র ৯ দশমিক ৩২ সেকেন্ড সময় নিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

উন্নত প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়ে রোবটটি এই অভাবনীয় গতির রেকর্ড স্থাপন করেছে।প্রতিবেদনে জানানো হয়েছে, অনারের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই হিউম্যানয়েড বা মানবাকৃতির রোবটটি ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমস শুরুর আগে একটি পরীক্ষামূলক ইভেন্টে অংশ নেয়। দৌড় প্রতিযোগিতার সময় রোবটটি প্রতি সেকেন্ডে সর্বোচ্চ ১৪ দশমিক ৫ মিটার গতি অর্জন করতে সক্ষম হয়। 

দীর্ঘ ১৭ বছর আগে জার্মানির বার্লিনে উসাইন বোল্ট যে বিশ্বরেকর্ড গড়েছিলেন, তা ছাপিয়ে রোবটের এই পারফরম্যান্স প্রযুক্তি বিশ্বে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।তবে বিশেষজ্ঞরা মনে করছেন, রোবটের এই সময়কে মানুষের ১০০ মিটার দৌড়ের আনুষ্ঠানিক বিশ্বরেকর্ড হিসেবে গণ্য করা হবে না। 

এটি মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা ও যান্ত্রিক কৌশলের একটি অনন্য প্রদর্শনী। মানুষের শারীরিক সক্ষমতার তুলনায় রোবটের এই পারফরম্যান্স প্রযুক্তিগত অগ্রগতির এক নতুন ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে। আগামী দিনে এ ধরনের উদ্ভাবন রোবটিক্স শিল্পে আরও বড় পরিবর্তন আনবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান