রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

এশিয়া-মধ্যপ্রাচ্যে ইন্টারনেট ব্যাহত

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৮, ২০২৫, ১১:১০ এএম

এশিয়া-মধ্যপ্রাচ্যে ইন্টারনেট ব্যাহত

ছবি- সংগৃহীত

লোহিত সাগরের তলদেশে সাবমেরিন ক্যাবল কেটে যাওয়ার ঘটনায় এশিয়া এবং মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে ইন্টারনেট সেবা ব্যাহত হয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস জানিয়েছে, ভারত ও পাকিস্তানসহ কিছু দেশে ইন্টারনেট সেবায় অচলাবস্থা সৃষ্টি হয়েছে।

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের ইতিসালাত এবং ডু নেটওয়ার্কেও একই ধরনের সমস্যা দেখা গেছে।

নেটব্লকস জানিয়েছে, সৌদি আরবের জেদ্দার কাছে ক্যাবল সিস্টেমে এই ত্রুটি ধরা পড়েছে। তবে কীভাবে বা কাদের কারণে এই ক্ষতি হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট শনিবার এক বিবৃতিতে জানায়, লোহিত সাগরের নিচে থাকা একাধিক ফাইবার ক্যাবল ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদের ক্লাউড সেবা 'আজুর'-এর ব্যবহারকারীরা ধীরগতির সমস্যার সম্মুখীন হতে পারেন। তবে বিকল্প নেটওয়ার্ক রুটে ট্র্যাফিক সরিয়ে নেওয়ায় সম্পূর্ণ সেবা বন্ধ হয়নি। মাইক্রোসফট আশা করছে, মধ্যপ্রাচ্যের রুট হয়ে যাওয়া ট্র্যাফিকের ক্ষেত্রে কিছুটা বিলম্ব হতে পারে, তবে অন্যান্য অঞ্চলের ব্যবহারকারীদের ওপর এর কোনো প্রভাব পড়বে না।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্লাউড সেবা প্রদানকারী 'আজুর', অ্যামাজনের এডব্লিউএস-এর পরেই অবস্থান করছে। ফলে এই বিভ্রাট বৈশ্বিক প্রযুক্তি খাতে ব্যাপক নজর কাড়ছে।