রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দেশের বাজারে এলো টেকনোর পোভা ফাইভজি সিরিজ, থাকছে ৩ মডেল

তথ্যপ্রযুক্তি ডেস্ক

অক্টোবর ৫, ২০২৫, ০৭:৩১ পিএম

দেশের বাজারে এলো টেকনোর পোভা ফাইভজি সিরিজ, থাকছে ৩ মডেল

ছবি - সংগৃহীত

বাংলাদেশের স্মার্টফোন বাজারে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করল টেকনোর বহুল প্রতীক্ষিত ‘পোভা ফাইভজি’ সিরিজ। রোববার রাজধানীর উত্তরায় টেকনোর ফ্ল্যাগশিপ আউটলেটে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ফোনগুলো উন্মোচন করা হয়। ‘বর্ন টু বি ইউনিক’ ট্যাগলাইনের এই সিরিজের মাধ্যমে দেশের ব্যবহারকারীদের জন্য দ্রুতগতির ফাইভজি কানেক্টিভিটি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সমন্বিত অভিজ্ঞতা নিয়ে এসেছে বৈশ্বিক এই প্রযুক্তি ব্র্যান্ড।

অনুষ্ঠানে আইস্মার্টু টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক বলেন, "বাংলাদেশ যখন ফাইভজি যুগে প্রবেশ করছে, তখন টেকনো গ্রাহকদের জন্য সেরা পারফরম্যান্স ও অনন্য ডিজাইনের ডিভাইস আনতে প্রতিশ্রুতিবদ্ধ। পোভা ফাইভজি সিরিজ স্মার্টফোনের অভিজ্ঞতাকে নতুন করে সংজ্ঞায়িত করবে।"

এই সিরিজে মোট তিনটি মডেল আনা হয়েছে—পোভা ৭ প্রো ফাইভজি, পোভা স্লিম ফাইভজি ও পোভা কার্ভ ফাইভজি। ফ্ল্যাগশিপ মডেল পোভা ৭ প্রো ফাইভজি-তে রয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি ৭৩০০ আল্টিমেট প্রসেসর, ১৪৪ হার্জ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে, ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ফ্ল্যাশ চার্জিং সুবিধা। এর সঙ্গে উপহার হিসেবে থাকছে একটি ওয়্যারলেস ম্যাগনেটিক পাওয়ার ব্যাংক।

পোভা স্লিম ফাইভজি মডেলটিকে বিশ্বের সবচেয়ে পাতলা থ্রিডি-কার্ভড ফাইভজি স্মার্টফোন হিসেবে দাবি করা হচ্ছে, যার পুরুত্ব মাত্র ৫.৯৫ মিলিমিটার। অন্যদিকে, পোভা কার্ভ ফাইভজি মডেলে রয়েছে ইন্টারস্টেলার স্পেসশিপ ডিজাইন এবং ৯০ এফপিএস-এ পাবজি খেলার সুবিধা, যা গেমারদের জন্য বিশেষভাবে তৈরি। প্রতিটি ফোনেই থাকছে ২৫৬ জিবি স্টোরেজ, ১৬ জিবি পর্যন্ত র‍্যাম, শক্তিশালী ক্যামেরা এবং ডলবি অ্যাটমোস ডুয়েল স্পিকার।

দেশের বাজারে পোভা স্লিম ফাইভজি-এর দাম ২৯,৯৯৯ টাকা, পোভা কার্ভ ফাইভজি ৩২,৯৯৯ টাকা এবং পোভা ৭ প্রো ফাইভজি ৩৪,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য) নির্ধারণ করা হয়েছে। ফোনগুলো সারা দেশে টেকনোর সকল অফিশিয়াল আউটলেটে পাওয়া যাচ্ছে।