অক্টোবর ৬, ২০২৫, ১০:৫৭ পিএম
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য একটি দারুণ খবর নিয়ে এসেছে। আর মোবাইল নম্বরের প্রয়োজন হবে না অ্যাপটি ব্যবহার করার জন্য। ব্যবহারকারীদের গোপনীয়তা ও নিরাপত্তা বাড়াতে মেটা-র মালিকানাধীন এই সংস্থাটি এবার ‘ইউজার নেম’ ভিত্তিক যোগাযোগ ব্যবস্থা চালু করতে যাচ্ছে।
মেটা সূত্রে জানা গেছে, এই নতুন ফিচারটি চালু হলে ব্যবহারকারীরা তাদের মোবাইল নম্বরের পরিবর্তে একটি ইউনিক বা স্বতন্ত্র ইউজার নেম তৈরি করতে পারবেন। বর্তমানে যেমন কাউকে হোয়াটসঅ্যাপে যুক্ত করতে হলে তার ফোন নম্বর জানা বাধ্যতামূলক, নতুন এই নিয়মে শুধুমাত্র ইউজার নেম সার্চ করেই যে কাউকে খুঁজে পাওয়া এবং বার্তা পাঠানো সম্ভব হবে। ইনস্টাগ্রাম বা টেলিগ্রামের মতো প্ল্যাটফর্মে এই ব্যবস্থা আগে থেকেই চালু রয়েছে।
এই উদ্যোগের মূল লক্ষ্য হলো ব্যবহারকারীদের ফোন নম্বর গোপন রাখা, যা তাদের ব্যক্তিগত নিরাপত্তাকে আরও শক্তিশালী করবে। অনেক সময় অপরিচিত ব্যক্তি বা গ্রুপে ফোন নম্বর শেয়ার হয়ে যাওয়ার কারণে ব্যবহারকারীদের নানা ধরনের সমস্যায় পড়তে হয়। ইউজার নেম ফিচারটি এই সমস্যা থেকে মুক্তি দেবে।
জানা গেছে, বর্তমানে হোয়াটসঅ্যাপের বিটা সংস্করণ ব্যবহারকারীদের মধ্যে এই ফিচারটির পরীক্ষামূলক ব্যবহার চলছে। খুব শীঘ্রই সকল ব্যবহারকারীর জন্য এটি উন্মুক্ত করে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, সম্প্রতি হোয়াটসঅ্যাপ অ্যাপের মধ্যেই সরাসরি মেসেজ অনুবাদের (ট্রান্সলেট) সুবিধাও চালু করেছে, যা ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক সমাদৃত হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন