অক্টোবর ৮, ২০২৫, ০৮:৩৭ পিএম
যুক্তরাষ্ট্রের ইলন মাস্কের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক এবার বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে ব্যান্ডউইডথ রপ্তানি করার আগ্রহ প্রকাশ করেছে। এ লক্ষ্যে বাংলাদেশকে একটি ‘পয়েন্ট অব প্রেজেন্স’ (PoP) বা আঞ্চলিক হাব হিসেবে ব্যবহার করতে চেয়ে তারা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি দিয়েছে।
স্টারলিংক তাদের চিঠিতে জানিয়েছে, তারা বাংলাদেশের সাবমেরিন কেবলের অব্যবহৃত ব্যান্ডউইডথ ইজারা (lease) নিয়ে তা ভুটান ও নেপালের মতো প্রতিবেশী দেশগুলোতে সরবরাহ করতে চায়। এই প্রক্রিয়ায় তারা ইন্টারন্যাশনাল প্রাইভেট লিজড সার্কিট (আইপিএলসি) এবং আনফিল্টারড আইপি ব্যবহারের জন্য বিটিআরসির অনুমোদন চেয়েছে।
প্রতিষ্ঠানটি আশ্বস্ত করেছে, এই রপ্তানি করা ব্যান্ডউইডথ বাংলাদেশের অভ্যন্তরীণ ইন্টারনেট ট্র্যাফিকের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না এবং দেশের ভেতরের গ্রাহকদের সকল কার্যক্রম স্থানীয় আইন অনুযায়ী নিয়ন্ত্রিত হবে।এ বিষয়ে বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী বলেন, “আমরা এটিকে ব্যান্ডউইডথ রপ্তানির একটি প্রক্রিয়া হিসেবে দেখছি। স্টারলিংকের প্রস্তাবটি কারিগরিভাবে যাচাই-বাছাই করার পর চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সরকারের কাছে উপস্থাপন করা হবে।”
উল্লেখ্য, স্টারলিংক গত মে মাসে বাংলাদেশে বাণিজ্যিকভাবে তাদের স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করে এবং দেশের চারটি স্থানে তাদের গ্রাউন্ড স্টেশন স্থাপন করেছে। প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন, এই প্রস্তাব অনুমোদিত হলে বাংলাদেশ আঞ্চলিক ইন্টারনেট হাব হিসেবে আত্মপ্রকাশ করবে এবং ব্যান্ডউইডথ রপ্তানির মাধ্যমে নতুন আয়ের উৎস তৈরি হবে।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন