রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ফেসবুকে যে পরিবর্তন আনতে যাচ্ছে মেটা

তথ্যপ্রযুক্তি ডেস্ক

অক্টোবর ৯, ২০২৫, ০৮:৩২ পিএম

ফেসবুকে যে পরিবর্তন আনতে যাচ্ছে মেটা

ছবি - সংগৃহীত

ব্যবহারকারীদের ভিডিও দেখার অভিজ্ঞতাকে আরও উন্নত ও ব্যক্তিগত করার লক্ষ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশ কিছু বড় পরিবর্তন আনতে যাচ্ছে এর মূল প্রতিষ্ঠান মেটা। এই উদ্যোগের অংশ হিসেবে প্ল্যাটফর্মটির কনটেন্ট সুপারিশ করার প্রযুক্তি বা ‘রিকমেন্ডেশন ইঞ্জিন’ নতুন করে সাজানো হয়েছে, যার ফলে ব্যবহারকারীরা এখন থেকে নিজেদের আগ্রহ অনুযায়ী আরও বেশি প্রাসঙ্গিক রিলস ও অন্যান্য ভিডিও দেখতে পাবেন।

প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, এই পরিবর্তনের মাধ্যমে ফেসবুক ক্রমশ টিকটকের মতো একটি স্বল্পদৈর্ঘ্যের ভিডিও-নির্ভর প্ল্যাটফর্মে রূপান্তরিত হচ্ছে, যা এটিকে অন্যান্য ভিডিও প্ল্যাটফর্মের সঙ্গে আরও কার্যকরভাবে প্রতিযোগিতা করতে সাহায্য করবে।নতুন আপডেটের অংশ হিসেবে ফেসবুকে যুক্ত করা হয়েছে ‘ফ্রেন্ড বাবল’ নামের একটি আকর্ষণীয় ফিচার।

এখন থেকে কোনো ভিডিও দেখার সময় নিচের বাঁদিকের কোণায় একটি বাবলের মাধ্যমে দেখা যাবে আপনার কোন বন্ধু ওই ভিডিওটিতে লাইক দিয়েছেন। শুধু তাই নয়, ওই বাবলে ট্যাপ করে আপনি সরাসরি সেই বন্ধুর সঙ্গে একটি ব্যক্তিগত চ্যাটও শুরু করতে পারবেন।মেটা এক বিবৃতিতে জানিয়েছে, বন্ধুদের পছন্দ বা সুপারিশ সব সময়ই ফেসবুকের অভিজ্ঞতার একটি মূল অংশ ছিল। নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের সেই পুরোনো দিনের সামাজিক অনুভূতি ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।

এর আগে চলতি বছরের শুরুতে মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ জানিয়েছিলেন, তিনি ফেসবুককে আবার ব্যবহারকারীদের মধ্যে পারস্পরিক সংযোগ ও যোগাযোগের মূল প্ল্যাটফর্ম হিসেবে ফিরিয়ে আনতে চান। নতুন এই ফিচারগুলো সেই লক্ষ্যেরই প্রতিফলন বলে মনে করা হচ্ছে।