রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ফেসবুকে নতুন চমক, আসছে ইনস্টাগ্রামের মতো একাধিক ফিচার

তথ্যপ্রযুক্তি ডেস্ক

অক্টোবর ১২, ২০২৫, ০৫:৫২ পিএম

ফেসবুকে নতুন চমক, আসছে ইনস্টাগ্রামের মতো একাধিক ফিচার

ছবি - সংগৃহীত

ব্যবহারকারীদের মধ্যে সামাজিক সংযোগ বাড়াতে এবং ভিডিও দেখার অভিজ্ঞতাকে আরও ব্যক্তিগত (personalized) করতে ফেসবুকের ভিডিও ফিডে বেশ কিছু বড় পরিবর্তন আনছে এর মূল প্রতিষ্ঠান মেটা। নতুন এই আপডেটের ফলে ব্যবহারকারীরা এখন থেকে আরও বেশি প্রাসঙ্গিক ও সময়োপযোগী ‘রিলস’ দেখতে পাবেন এবং বন্ধুদের সঙ্গে যুক্ত হওয়ার নতুন সুযোগ পাবেন।মেটা জানিয়েছে, তারা তাদের ‘রিকমেন্ডেশন ইঞ্জিন’ বা কনটেন্ট সুপারিশ করার প্রযুক্তিকে নতুন করে সাজিয়েছে।

এর ফলে এখন রিলস ফিডে আগের তুলনায় ৫০ শতাংশ পর্যন্ত বেশি নতুন ও সাম্প্রতিক ভিডিও দেখা যাবে। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এখন ব্যবহারকারীর পছন্দ আরও ভালোভাবে বুঝতে পারবে এবং সে অনুযায়ী ভিডিও ফিড সাজিয়ে দেবে।এই আপডেটের সবচেয়ে বড় চমক হলো ‘ফ্রেন্ড বাবলস’ নামের একটি নতুন ফিচার। এখন থেকে কোনো রিলস দেখার সময় নিচের বাঁদিকের কোণায় একটি বাবলের মাধ্যমে দেখা যাবে আপনার কোন বন্ধু ওই ভিডিওটিতে লাইক দিয়েছেন।

সেই বাবলে ট্যাপ করে আপনি সরাসরি সেই বন্ধুর সঙ্গে একটি ব্যক্তিগত চ্যাটও শুরু করতে পারবেন।এছাড়াও, টিকটকের মতো ভিডিওর নিচে এখন সম্পর্কিত কিওয়ার্ড দেখানো হবে, যা ব্যবহার করে একই ধরনের আরও কনটেন্ট খুঁজে পাওয়া সহজ হবে।মেটার প্রোডাক্ট প্রধান জগজিৎ চাওলা জানিয়েছেন, নতুন অ্যালগরিদম এখন ব্যবহারকারীর নেতিবাচক প্রতিক্রিয়া, যেমন— কোনো ভিডিও দ্রুত সোয়াইপ করে চলে যাওয়া বা ‘নট ইন্টারেস্টেড’ বাটনে ক্লিক করা

আরও ভালোভাবে বুঝতে পারবে, যা বিরক্তিকর কনটেন্ট দ্রুত সরিয়ে দিতে সাহায্য করবে। তিনি আরও জানান, ওপেনএআই-এর ‘সোরা’ বা ‘মিডজার্নি’র মতো প্ল্যাটফর্মে তৈরি এআই-জেনারেটেড ভিডিওকেও ফেসবুকের অ্যালগরিদম এখন থেকে সাধারণ ভিডিওর মতোই গুরুত্ব দেবে।মেটা বলছে, এই পরিবর্তনের মূল লক্ষ্য শুধু ভিডিও দেখার হার বাড়ানো নয়, বরং ফেসবুককে আবারও বন্ধুদের সঙ্গে যুক্ত থাকার একটি প্রাণবন্ত প্ল্যাটফর্ম হিসেবে ফিরিয়ে আনা।