শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,
ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ২৬, ২০২৬, ১০:৩৭ এএম

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইরানের দেওয়া সাত দিনের যুদ্ধবিরতি ও সমঝোতার প্রস্তাব আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংঘাত নিরসনে তেহরানের পক্ষ থেকে মধ্যস্থতাকারীদের মাধ্যমে এই পরিকল্পনা ওয়াশিংটনে পাঠানো হলেও মার্কিন প্রশাসন তা নাকচ করে দিয়েছে। একই সঙ্গে আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন করে সামরিক হামলা চালানোর সম্ভাবনা নিয়ে নিজ সহযোগীদের সঙ্গে আলোচনা করেছেন ট্রাম্প।

কূটনৈতিক আলোচনার মধ্যেও নতুন করে সংঘাতের ঝুঁকি বাড়ছে। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, সংঘাত এড়াতে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে সাত দিনের একটি বিশেষ রূপরেখা পাঠিয়েছিল তেহরান। ওই প্রস্তাব অনুসারে, যুক্তরাষ্ট্র নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করলে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং পরমাণু কর্মসূচি নিয়ে পুনরায় আলোচনা শুরু করার বিষয়ে সম্মতি জানিয়েছিল দেশটি। 

শর্তগুলোর মধ্যে ছিল মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, ইরানি তেল রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করা এবং লেবাননসহ মধ্যপ্রাচ্যের সংশ্লিষ্ট সংঘাতময় এলাকাগুলোতে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর করা। সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে তেহরানের বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট।

তিনি কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমঝোতার সম্ভাবনার কথা বললেও একই সঙ্গে ইরানের ওপর সর্বোচ্চ অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ অব্যাহত রাখার কৌশল স্পষ্ট করেন। ইরানের পক্ষ থেকে বলা হয়, কৌশলগত হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাবটি গত জুনে দুই দেশের সমঝোতার আলোকেই তৈরি করা হয়েছিল, যার উদ্দেশ্য ছিল প্রক্রিয়াটি দ্রুত কার্যকর করা। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক জ্বালানি পরিবহনপথ অবরুদ্ধ থাকা বা পুনরায় উন্মুক্ত হওয়ার বিষয়ের ওপর আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজার ও বৈশ্বিক বাণিজ্যিক স্থিতিশীলতা গভীরভাবে নির্ভরশীল।