রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,
ঝটিকা মিছিলে বিস্ফোরণ

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় ৪ জন আটক

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৬, ২০২৬, ০২:৫১ পিএম

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় ৪ জন আটক

রাজধানীর ধানমন্ডিতে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে ধানমন্ডি ২৭ নম্বর রোডের মিনা বাজারের সামনের সড়কে এই বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে মিছিলকারী দলের চারজনকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিস্ফোরণের শব্দে সংশ্লিষ্ট এলাকায় সাধারণ পথচারীদের মাঝে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ইমদাদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আনুমানিক দুপুর সোয়া ১২টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা আকস্মিকভাবে ধানমন্ডি ২৭ নম্বর রোডের মিনা বাজারের সামনে জড়ো হয়ে একটি ঝটিকা মিছিল বের করার চেষ্টা করে। 

মিছিল চলাকালেই পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। শব্দ ও ধোঁয়ায় চারপাশের পরিবেশ মুহূর্তের মধ্যে বিশৃঙ্খল হয়ে উঠলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। ঘটনাস্থল থেকে পুলিশ তাৎক্ষণিকভাবে চারজনকে আটক করতে সক্ষম হয়।

আটককৃত ব্যক্তিদের থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে থানা প্রশাসন জানিয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।