রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিল্লি বিস্ফোরণের পর ভারতজুড়ে সতর্কতা জারি

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১১, ২০২৫, ১১:০০ এএম

দিল্লি বিস্ফোরণের পর ভারতজুড়ে সতর্কতা জারি

ভারতের দিল্লির লাল কেল্লার কাছে একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত আট জনের মৃত্যু হয়েছে এবং আরও বহু মানুষ আহত হয়েছেন। এই মর্মান্তিক ঘটনার পর ভারতের রাজধানীসহ পুরো দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

ঘটনাস্থলের নিকটতম হাসপাতালে অন্তত ৩০ জন আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

দিল্লি পুলিশের মুখপাত্র সঞ্জয় ত্যাগী বিবিসিকে নিশ্চিত করেছেন যে হুন্ডাই আই-টুয়েন্টি গাড়িতে বিস্ফোরণটি ঘটেছিল। বিস্ফোরণের সময় গাড়িটিতে তিনজন আরোহী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণটি এতটাই জোরালো ছিল যে আশপাশের এলাকার ঘরবাড়ির জানালা পর্যন্ত কেঁপে ওঠে।এই হামলার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিস্তারিত জানান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী মোদী ও বিরোধী দল নেতা রাহুল গান্ধীসহ দেশ-বিদেশের বহু নেতা এই ঘটনায় শোক ও নিন্দা জানিয়ে বিবৃতি জারি করেছেন।

বিস্ফোরণের জেরে সতর্কতা হিসেবে কলকাতা ও মুম্বাইয়ের মতো বড় শহরগুলোতে রাত থেকেই বাড়তি পুলিশ বাহিনী রাস্তায় বিশেষ তল্লাশি অভিযান শুরু করেছে। এছাড়া ভারতের সকল প্রধান বিমানবন্দরগুলোতেও বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। দিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাস তাদের নাগরিকদের লাল কেল্লা ও চাঁদনি চক এলাকায় যেতে সতর্ক করে দিয়েছে।

ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে এলিট কম্যান্ডো বাহিনী ন্যাশানাল সিকিউরিটি গার্ড (এনএসজি) এবং সন্ত্রাস দমন এজেন্সি ন্যাশানাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)-এর ওপর। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, তারা সবদিক খতিয়ে দেখছেন এবং দ্রুত তদন্ত শেষ করে ফলাফল সাধারণ মানুষের সামনে তুলে ধরা হবে। ঘটনাস্থলে উত্তরপ্রদেশ সন্ত্রাস দমন স্কোয়াড এবং কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর সদস্যরাও মোতায়েন রয়েছেন।

এদিকে, জম্মু-কাশ্মীর পুলিশ দাবি করেছে যে তারা উত্তরপ্রদেশ ও হরিয়ানায় তল্লাশি অভিযান চালিয়ে প্রায় তিন হাজার কিলো বিস্ফোরক উদ্ধার করেছে এবং দুই চিকিৎসকসহ সাতজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ দাবি করছে, গ্রেপ্তারকৃতরা জয়েশ-এ-মুহাম্মদ ও আনসার গাজওয়াতুল হিন্দ নামে দুটি সংগঠনের সঙ্গে যুক্ত। যদিও দিল্লির এই বিস্ফোরণের সঙ্গে তাদের গ্রেফতারের কোনো সরাসরি যোগাযোগ নেই।

দিল্লির উপপ্রধান অগ্নিনির্বাপক কর্মকর্তা একে মালিক জানান, সন্ধ্যা ৭টা ২৯ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ভারতের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থাপনা লাল কেল্লার কাছে এই বিস্ফোরণের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই ঘটনা আন্তর্জাতিক মহলে কঠোরভাবে নিন্দিত হয়েছে।