বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ইতিহাস গড়ে ১০মবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২০, ২০২৫, ০৪:৪৯ পিএম

ইতিহাস গড়ে ১০মবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

ভারতের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য নজির স্থাপন করলেন জনতা দল ইউনাইটেড (জেডিইউ) প্রধান নীতীশ কুমার। বৃহস্পতিবার (২০ নভেম্বর) পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে রেকর্ড দশমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন তিনি।

গত সপ্তাহের বিধানসভা নির্বাচনে তার নেতৃত্বাধীন এনডিএ জোটের ভূমিধস বিজয়ের পর আজ এই শপথ অনুষ্ঠান সম্পন্ন হলো। ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতার পর কোনো রাজ্যের নেতার এতবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার রেকর্ড আর নেই।

এনডিএ-র শক্তি প্রদর্শন ও মোদির উপস্থিতি শপথগ্রহণ অনুষ্ঠানটি কার্যত এনডিএ জোটের বিশাল শক্তি প্রদর্শনের মঞ্চ হয়ে ওঠে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মিত্র দলগুলোর শীর্ষ নেতারা। শপথের পর প্রধানমন্ত্রী ‘এক্স’ (সাবেক টুইটার) হ্যান্ডেলে লিখেছেন, “বিহার সরকারের নতুন মন্ত্রিসভার সকলকে শুভেচ্ছা। অভিজ্ঞ নেতৃত্বে গঠিত এই দল বিহারকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

মন্ত্রিসভার সমীকরণ নীতীশ কুমারের সঙ্গে আজ মোট ৩০ জন মন্ত্রী শপথ নিয়েছেন। এর মধ্যে ১৬ জন মন্ত্রী বিজেপির এবং খোদ মুখ্যমন্ত্রীসহ ১৪ জন মন্ত্রী জেডিইউ-এর। ২৪৩ আসনের বিহার বিধানসভায় এবার বিজেপি ৮৯টি এবং জেডিইউ ৮৫টি আসনে জয়লাভ করেছে। কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ানের দল জিতেছে ১৯টি আসন। সব মিলিয়ে এনডিএ জোট ২০২টি আসনের বিশাল জয় পেয়েছে, যেখানে বিরোধী মহাজোট বা মহাগঠবন্ধন পেয়েছে মাত্র ৩৫টি আসন।

সমালোচকদের জবাব নির্বাচনের আগে বয়সের কারণে নীতীশ কুমারকে অনেকে ‘অযোগ্য’ বলে দাবি করলেও নির্বাচনী ফলাফলে শেষ হাসি হেসেছেন এই প্রবীণ নেতাই। যদি তার নেতৃত্বাধীন বর্তমান সরকার পাঁচ বছরের পূর্ণ মেয়াদ নির্বিঘ্নে সম্পন্ন করতে পারে, তবে ভারতের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের রেকর্ডও নিজের করে নেবেন তিনি।