নভেম্বর ২১, ২০২৫, ১০:৫৬ এএম
ভিয়েতনামের মধ্যাঞ্চলে ভয়াবহ বন্যায় ব্যাপক প্রাণহানি ঘটেছে। দেশটির ডাইক ম্যানেজমেন্ট অ্যান্ড ন্যাচারাল ডিজাস্টার প্রিভেনশন বিভাগ জানিয়েছে, এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত মোট ৪১ জনের মৃত্যু হয়েছে এবং আরও ৯ জন নিখোঁজ রয়েছেন।
শুক্রবার (২১ নভেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।স্থানীয় গণমাধ্যম ভিএন এক্সপ্রেসের প্রতিবেদনে জানা যায়, এই বন্যায় ৫২ হাজারের বেশি বাড়িঘর প্লাবিত হয়েছে।
এছাড়াও হাজারো হেক্টর কৃষিজমি এবং বিপুল পরিমাণ গবাদি পশু ও পোলট্রি বন্যার পানিতে ভেসে গেছে, যা স্থানীয় অর্থনীতিতে বড় ধরনের আঘাত হেনেছে।
বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দুটি প্রদেশ—ডাক লাক প্রদেশে ১৬ জন এবং খাঁহ হোয়া প্রদেশে ১৪ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই প্রবল আবহাওয়ার কারণে ১০ লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। যদিও কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেওয়ায় এর মধ্যে প্রায় ৬ লাখ বাড়িতে পুনরায় বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়েছে।
তবে প্রাদেশিক সড়কগুলোতে ১৪০টিরও বেশি ভূমিধস ঘটেছে, যা বন্যা পরিস্থিতিকে আরও বেশি জটিল করে তুলেছে এবং উদ্ধার তৎপরতাকে কঠিন করে তুলেছে। পরিস্থিতি মোকাবিলায় বর্তমানে হাজারো উদ্ধার কর্মী ও পুলিশ সদস্য কাজ করছেন। তারা নিখোঁজদের খোঁজ, ক্ষতিগ্রস্তদের উদ্ধার এবং ত্রাণ কার্যক্রমে নিয়োজিত রয়েছেন বলে আনাদোলু এজেন্সি নিশ্চিত করেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন