রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬,

বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পরিবর্তন

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৭, ২০২৫, ০৮:৩৫ পিএম

বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পরিবর্তন

আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমেছে। আগের সেশনে প্রায় দুই সপ্তাহের সর্বোচ্চ ছুঁয়ে আসার পর বৃহস্পতিবার দাম কমে। তবে এখনো দুই সপ্তাহের সর্বোচ্চ দামের চেয়ে কম দামে বিক্রি হচ্ছে ধাতুটি।

রয়টার্স জানিয়েছে, ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে সুদের হার কমানো হবে কি না—বিনিয়োগকারীরা সেই সম্ভাবনা যাচাই করায় দামে মৃদু চাপ দেখা দেয়, যা বৃহস্পতিবার লেনদেনের মাঝামাঝিতে বাজারে প্রভাব ফেলে।

জিএমটি সময় দুপুর ১২টা ১৬ মিনিটে স্পট গোল্ডের দাম ০.২% কমে দাঁড়ায় ৪,১৫৬.৮৯ ডলার প্রতি আউন্স। ডিসেম্বরে ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের ফিউচার্স সোনার দামও ০.২% কমে ৪,১৫৪.৪০ ডলারে নামে।

জুলিয়াস বেয়ার’র বিশ্লেষক কারস্টেন মেনকে বলেন, "অক্টোবরে দামের বড় পতনের পর যে সমন্বয় চলছে, আমরা মনে করি তা এখনো পুরোপুরি শেষ হয়নি।" গত ২০ অক্টোবর রেকর্ড ৪,৩৮১.২১ ডলারে পৌঁছানোর পর থেকে সোনার দাম প্রায় ৫% কমলেও, সামগ্রিকভাবে ধাতুটি আউন্সপ্রতি ৪,০০০ ডলারের ওপরে অবস্থান করছে।এদিকে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারেও স্বর্ণের দাম কমানো হয়েছে।

গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) স্বর্ণ ভরিতে ১ হাজার ৩৫৩ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন দাম অনুযায়ী, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) থেকে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে:

২২ ক্যারেট: ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা।

২১ ক্যারেট: ১ লাখ ৯৮ হাজার ৬৯৬ টাকা।

১৮ ক্যারেট: ১ লাখ ৭০ হাজার ৩১৮ টাকা।

সনাতন পদ্ধতি: ১ লাখ ৪১ হাজার ৬৪৮ টাকা।