বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

চীনের মানুষের গড় আয়ু বেড়ে এখন ৭৯ বছর

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৩, ২০২৫, ০৯:৪৮ এএম

চীনের মানুষের গড় আয়ু বেড়ে এখন ৭৯ বছর

চীনে মানুষের গড় আয়ু ২০২৪ সালে উল্লেখযোগ্যভাবে বেড়ে ৭৯ বছরে পৌঁছেছে বলে মঙ্গলবার জাতীয় স্বাস্থ্য কমিশনের প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে। জীবনযাত্রার মানোন্নয়ন এবং স্বাস্থ্যসেবার পরিধি বিস্তারের কারণেই এই সাফল্য এসেছে।

এই প্রতিবেদন অনুযায়ী, দেশটির জনস্বাস্থ্য খাতে ব্যাপক অগ্রগতি পরিলক্ষিত হয়েছে। মাতৃমৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমে প্রতি এক লাখ জীবিত জন্মদানে ১৪.৩ জনে নেমে এসেছে।

একইসঙ্গে শিশুমৃত্যুহারও হ্রাস পেয়ে প্রতি এক হাজারে মাত্র ৪ জনে দাঁড়িয়েছে, যা বিশ্বমানের স্বাস্থ্যসেবার একটি বড় সূচক। এই সময়ে হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের সংখ্যাও বেড়েছে।

২০২৪ সালের শেষ পর্যন্ত চীনে চিকিৎসা ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৯৩ হাজার ৫৫১টি, যা আগের বছরের তুলনায় ২২ হাজার ৭৬৬টি বেশি। স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকের সংখ্যা বেড়ে বর্তমানে দাঁড়িয়েছে ১ কোটি ৩০ লাখ ২০ হাজার। এই বিপুল সংখ্যক স্বাস্থ্যকর্মী জনগণের কাছে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সক্ষম হচ্ছেন। চিকিৎসাসেবা গ্রহণকারী রোগীর সংখ্যাও এই সময়ে বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালে চীনের বিভিন্ন হাসপাতালে মোট ১০.১৫ বিলিয়ন বার রোগী সেবা নিয়েছেন, যা গত বছরের তুলনায় ৬০০ মিলিয়ন বেশি।

এত বেশি সংখ্যক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা চীনের স্বাস্থ্য অবকাঠামোর সক্ষমতা তুলে ধরছে। এই সময়ে চিকিৎসা ব্যয় নিয়ন্ত্রণেও অগ্রগতি দেখা গেছে। ২০২৪ সালে হাসপাতালে ভর্তি রোগীর গড় খরচ ছিল ৯ হাজার ৮৭০ ইউয়ান, যা আগের বছরের তুলনায় ৪.৩ শতাংশ কম। আউটডোর রোগীর গড় খরচও সামান্য কমে দাঁড়িয়েছে ৩৬১ ইউয়ান। চিকিৎসা ব্যয় নিয়ন্ত্রণে দেশটির সরকারের কঠোর নীতি ও নজরদারীর কারণেই এই অগ্রগতি সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। সামগ্রিকভাবে, চীনের এই পরিসংখ্যান প্রমাণ করে যে জনস্বাস্থ্যের ক্ষেত্রে তারা এক নতুন মাইলফলক স্পর্শ করেছে।