বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

জাপানে শক্তিশালী ভূমিকম্প, এক সপ্তাহের সতর্কতা জারি

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৯, ২০২৫, ১১:৪৮ এএম

জাপানে শক্তিশালী ভূমিকম্প, এক সপ্তাহের সতর্কতা জারি

সোমবার (৮ ডিসেম্বর) রাতে জাপানের উত্তর উপকূলে ৭.৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এই তীব্র কম্পনের পর জাপানের আবহাওয়া সংস্থা এক সপ্তাহ ধরে আরও শক্তিশালী ভূমিকম্পের সতর্কতা জারি করেছে। স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটে এই ভূমিকম্পটি সংঘটিত হয়।

জাপানের আবহাওয়া সংস্থা ও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা নিশ্চিত করেছে যে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আওমোরি প্রিফেকচারের উপকূল থেকে ৫৩ কিলোমিটার গভীরে। মূল কম্পনের পরে ৫.৫ ও ৫.০ মাত্রার আরও কয়েকটি মৃদু কম্পন অনুভূত হয়েছে।

প্রাথমিকভাবে আওমোরি, ইওয়াতে, হোক্কাইদোর উপকূল, মিয়াগি ও ফুকুশিমার জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছিল।

তবে পরে টোকিও কর্তৃপক্ষ সেই সতর্কতা প্রত্যাহার করে নেয়। প্রাপ্ত তথ্যানুযায়ী, ইওয়াতে উপকূলে ৭০ সেন্টিমিটার, হোক্কাইদোতে ৫০ সেন্টিমিটার এবং আওমোরিতে ৪০ সেন্টিমিটার উচ্চতার ছোট সুনামি ঢেউ দেখা গিয়েছিল। এই মৃদু সুনামি ঢেউগুলো উপকূলে আঘাত হানলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি সৃষ্টি করতে পারেনি।ভূমিকম্পের ফলে কিছু এলাকায় ক্ষয়ক্ষতি ও আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয়ভাবে কয়েকজন আহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

এছাড়া কিছু এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয় এবং একটি স্থানে আগুন লাগার ঘটনাও ঘটে। যদিও এই আগুন সরাসরি ভূমিকম্প-সংশ্লিষ্ট কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। জাপান বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর মধ্যে একটি। এখানে গড়ে প্রতি পাঁচ মিনিটে অন্তত একটি কম্পন অনুভূত হয়। ফলে দেশটিতে দুর্যোগ মোকাবিলা ব্যবস্থা সর্বদা প্রস্তুত রাখা হয়। চলমান এই সতর্কতার কারণে জনগণকে আগামী এক সপ্তাহ সতর্ক থাকার এবং কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।