ডিসেম্বর ১০, ২০২৫, ১০:৩৩ এএম
গাজায় ইসরাইলের দুই বছরেরও বেশি সময় ধরে চলা বর্বর আগ্রাসন এবং এতে বহু রাষ্ট্রের সহযোগিতার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেস্কা আলবানিজ। সোমবার সামাজিক মাধ্যম 'এক্স'-এ (সাবেক টুইটার) তিনি লিখেছেন।
দোহা ফোরামে আমি ইসরাইলি গণহত্যার বর্বরতার নিন্দা করেছি, যা অনেক রাষ্ট্রের সহযোগিতায় পরিচালিত হয়েছে।"
ইসরাইলের স্থল ও আকাশপথের হামলায় এ পর্যন্ত প্রায় ৭০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে বলে উল্লেখ করেছেন আলবানিজ, যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। তিনি বলেন, গাজার এই বর্বরতার পেছনে দায়ী অনেক রাষ্ট্র, যাদের সহযোগিতায় ইসরাইল গণহত্যা চালিয়েছে।
আলবানিজ অবিলম্বে এই গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যেসব রাষ্ট্র বহুপাক্ষিকতার অবশিষ্টাংশ ধরে রাখতে চায়, তাদের দ্রুত নতুন জোট গড়ে তুলতে হবে এবং নিপীড়নকারীদের কোণঠাসা করতে সত্যিকার অর্থে ঐক্যবদ্ধ জোট হিসেবে দাঁড়াতে হবে।ফ্রান্সেসকা আলবানিজ এর আগে গত অক্টোবর মাসে ‘গাজা গণহত্যা: একটি সম্মিলিত অপরাধ’ নামে একটি প্রতিবেদন প্রকাশ করেছিলেন।
সেই প্রতিবেদনে তিনি উল্লেখ করেন, 'তৃতীয় রাষ্ট্রগুলো' গাজায় ইসরাইলি কর্মকাণ্ডে সরাসরি সমর্থন দিয়েছে। এই সমর্থন শুধু বস্তুগত সহায়তা বা কূটনৈতিক সুরক্ষার মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং কিছু ক্ষেত্রে সক্রিয় অংশগ্রহণও ছিল।এই চলমান যুদ্ধে হতাহতের পাশাপাশি গাজা ভূখণ্ডকে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে এবং লাখো বাসিন্দাকে বাস্তুচ্যুত করা হয়েছে।এদিকে, গাজায় গণহত্যা চালানোর জন্য ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা দায়ের করেছিল দক্ষিণ আফ্রিকা। সেই মামলায় ইসরাইল অভিযুক্ত হয়।
চলতি বছরের ১০ অক্টোবর তিন দেশের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি শুরু হলেও সেই চুক্তি কার্যত কাগজে-কলমেই রয়ে গেছে। কারণ, ইসরাইল প্রতিনিয়ত যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালাচ্ছে। যুদ্ধবিরতির প্রথম ৫০ দিনের পুরোটা সময়জুড়ে ইসরাইলি হামলায় ৩৫৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানা গেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন