সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

সুদানে বাংলাদেশি শান্তি রক্ষী নিহতের ঘটনায়

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২০, ২০২৫, ১২:১৮ পিএম

সুদানে বাংলাদেশি শান্তি রক্ষী নিহতের ঘটনায়

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর বর্বরোচিত ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। শুক্রবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে নিরাপত্তা পরিষদের সদস্যরা এই বন্য হামলার নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি তোলেন।

আন্তর্জাতিক বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে বিবৃতিতে এই ধরণের হামলাকে আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

নিরাপত্তা পরিষদের সদস্যরা এই মর্মান্তিক ঘটনায় শাহাদাতবরণকারী ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি গভীর মমতবোধ প্রকাশ করেছেন।

একই সঙ্গে হামলায় আহত নয়জন শান্তিরক্ষীর দ্রুত ও পূর্ণ আরোগ্য কামনা করেছে সংস্থাটি। ১৩ ডিসেম্বর সুদানের দক্ষিণ কর্দোফানের কাদুগলি লজিস্টিকস বেইসে এই ড্রোন হামলা চালায় একটি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী। জাতিসংঘ মনে করে শান্তিরক্ষী ও তাদের ঘাঁটির ওপর এমন আক্রমণ বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি।বিবৃতিতে জাতিসংঘ জোর দিয়ে বলেছে শান্তিরক্ষীদের সুরক্ষা নিশ্চিত করা এবং তাদের ওপর হামলাকারীদের জবাবদিহি নিশ্চিত করা অপরিহার্য।

কালবিলম্ব না করে এই হামলার পেছনের মূল হোতাদের খুঁজে বের করার জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য যে আইএসপিআরের তথ্যানুযায়ী সুদানের আবেই এলাকায় এই হামলায় ছয় বাংলাদেশি সেনা সদস্য নিহত হন যাদের মরদেহ ইতিমধ্যে দেশে এসে পৌঁছেছে। এই ঘটনা বিশ্বজুড়ে শান্তিরক্ষা মিশনে কাজ করা সদস্যদের জীবনের ঝুঁকিকে আবারও সামনে এনেছে।

নিরাপত্তা পরিষদ এই সংকট নিরসনে সুদান ও দক্ষিণ সুদানের মধ্যে পারস্পরিক সহযোগিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে। শান্তিরক্ষা মিশনের কার্যকারিতা বজায় রাখতে এবং ভবিষ্যতে এ ধরনের হামলা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর এই সদস্যদের আত্মত্যাগ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকারকে নতুন করে স্মরণ করিয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা।