ডিসেম্বর ২৬, ২০২৫, ০৬:৫১ পিএম
কানাডার টরন্টোতে শিভাঙ্ক অবস্থি (২০) নামে এক মেধাবী ভারতীয় শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাতপরিচয় এক দুর্বৃত্ত। নিহত শিভাঙ্ক টরন্টো বিশ্ববিদ্যালয়ের স্কারবোরো ক্যাম্পাসের (ইউটিএসসি) ডক্টরেট কোর্সের শিক্ষার্থী ছিলেন। মঙ্গলবার বিকেলে ক্যাম্পাসের কাছে হাইল্যান্ড ক্রিক ট্রেইল ও ওল্ড কিংস্টন রোড এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
টরন্টো পুলিশ জানিয়েছে, তারা বেলা ৩টা ৩৪ মিনিটে একজন ব্যক্তির গুরুতর আহত হওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
সেখানে শিভাঙ্ককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায় এবং প্যারামেডিকরা চেষ্টা করলেও তাকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। ডিউটি ইন্সপেক্টর জেফ অ্যালিংটন জানান, পুলিশ আসার আগেই সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে গেছে।
বর্তমানে ঘটনাস্থলের তথ্য-প্রমাণ সংরক্ষণ ও ঘটনার কারণ উদঘাটনে কাজ করছে তদন্তকারী দল।এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে টরন্টো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের এক মুখপাত্র জানান, তাদের ক্যাম্পাসের একজন মেধাবী শিক্ষার্থীর এমন প্রয়াণে তারা অত্যন্ত মর্মাহত।
এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও টরন্টোয় অবস্থিত ভারতীয় কনস্যুলেট জেনারেল নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং আইনি সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে ভারতীয় দূতাবাস। তবে এখনো পর্যন্ত সন্দেহভাজন কোনো হামলাকারীকে গ্রেপ্তার করতে পারেনি কানাডীয় পুলিশ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন