ডিসেম্বর ২৭, ২০২৫, ১০:৩২ এএম
দীর্ঘ ১৯ দিনের রক্তক্ষয়ী সীমান্ত সংঘর্ষের পর অবশেষে যুদ্ধবিরতি চুক্তিতে সই করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়া। শনিবার (২৭ ডিসেম্বর) কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই ঐতিহাসিক সমঝোতার খবর নিশ্চিত করেছে।
দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের মধ্যে তিন দিনব্যাপী নিবিড় আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। খবর আল জাজিরার।
গত কয়েক সপ্তাহ ধরে থাইল্যান্ডের সা কায়েও এবং কম্বোডিয়ার বান্তে মিঞ্চে প্রদেশে তীব্র লড়াই চলছিল। এই সংঘাত ১৯তম দিনে পৌঁছালে উভয় পক্ষের ক্ষয়ক্ষতির চিত্র ভয়াবহ হয়ে ওঠে। প্রাপ্ত তথ্যানুযায়ী, এই দীর্ঘ সংঘর্ষে দুই দেশের অন্তত ৯৬ জন প্রাণ হারিয়েছেন।
থাই সেনাবাহিনীর দাবি অনুযায়ী, তাদের ২৩ জন সেনা ও ৪২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। অন্যদিকে, কম্বোডিয়া তাদের বেসামরিক লোকজনের ওপর থাইল্যান্ডের কামানের গোলাবর্ষণকে ‘নৃশংস ও অমানবিক’ হিসেবে বর্ণনা করেছে।সীমান্তবর্তী গ্রামগুলোতে বিএম-২১ রকেট ও ভারী কামানের গোলার আঘাতে বেসামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে।
সংঘাতের ফলে হাজার হাজার মানুষ সীমান্ত এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হন। তবে শনিবারের এই যুদ্ধবিরতি চুক্তির ফলে দুই দেশের সীমান্তে উত্তেজনা প্রশমিত হবে এবং বাস্তুচ্যুত সাধারণ মানুষ নিজ নিজ ঘরে ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে। আন্তর্জাতিক মহল এই সমঝোতাকে স্বাগত জানিয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন