মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬,

কোনো চাপের মুখেই নতি স্বীকার করবে না ইরান

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২, ২০২৬, ১০:৩৪ এএম

কোনো চাপের মুখেই নতি স্বীকার করবে না ইরান

আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে নিজেদের শক্ত অবস্থান আবারও পরিষ্কার করল ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সাফ জানিয়ে দিয়েছেন, যেকোনো ধরনের বৈশ্বিক চাপ বা হুমকির মুখে তার দেশ নতি স্বীকার করবে না। ইরানের অভিজাত কুদস বাহিনীর সাবেক প্রধান জেনারেল কাসেম সোলাইমানির মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হাতে নিহত কমান্ডারদের দেখানো পথ ধরেই ইরান সামনের দিকে এগিয়ে যাবে। পেজেশকিয়ান স্পষ্ট করেন যে, ইরান কোনো হত্যাকাণ্ড বা চাপে ভীত নয়।

তিনি বলেন, আমরা শহীদ হতে ভয় পাই না। জাতি, বিপ্লব এবং দেশের স্বার্থে যেকোনো ত্যাগ স্বীকার করতে আমরা শেষ পর্যন্ত দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকব।

২০২০ সালের জানুয়ারিতে বাগদাদে মার্কিন ড্রোন হামলায় নিহত জেনারেল সোলাইমানিকে তিনি একজন ‘রোল মডেল’ বা আদর্শ হিসেবে অভিহিত করেন। পেজেশকিয়ান স্মৃতিচারণ করে বলেন, শহীদ সোলাইমানি ছিলেন নিপীড়িত মানুষের পক্ষে এবং সত্য ও ন্যায়বিচারের একজন নিঃস্বার্থ সমর্থক, যিনি কোনো প্রতিদানের আশা ছাড়াই কাজ করতেন। প্রেসিডেন্ট প্রতিশ্রুতি দেন যে, তারা তাদের সমস্ত শক্তি দিয়ে শহীদদের দেখানো পথে চলা অব্যাহত রাখবেন এবং নিপীড়কদের বিরুদ্ধে মাথা নত করবেন না।

বক্তব্যে গণতন্ত্র ও স্বাধীনতার দোহাই দিয়ে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ চালানোর অভিযোগে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের তীব্র সমালোচনা করেন ইরানি প্রেসিডেন্ট। তিনি বলেন, পশ্চিমারা গণতন্ত্রের কথা বলে মূলত সন্ত্রাসবাদকে উস্কে দিচ্ছে। উল্লেখ্য, জেনারেল কাসেম সোলাইমানি শুধু ইরানেই নন, পুরো আরব বিশ্বেই একজন ক্যারিশম্যাটিক কমান্ডার ও বীর হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুবার্ষিকীতে এই অঙ্গীকার ইরানের পররাষ্ট্রনীতিতে অনড় অবস্থানেরই ইঙ্গিত দেয়।