জানুয়ারি ৬, ২০২৬, ০৪:২৫ পিএম
ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আটকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পরবর্তী পররাষ্ট্রনীতির লক্ষ্যবস্তু হিসেবে আরও পাঁচটি দেশের নাম সামনে এনেছেন। ট্রাম্পের নতুন ডনরো ডকট্রিন অনুযায়ী পশ্চিম গোলার্ধে মার্কিন আধিপত্য প্রতিষ্ঠাই তার প্রধান লক্ষ্য।
এই তালিকায় শীর্ষে রয়েছে ডেনমার্কের স্বায়ত্তশাসিত দ্বীপ গ্রিনল্যান্ড। ট্রাম্প দাবি করেছেন খনিজ সমৃদ্ধ এই দ্বীপটি মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেখানে রুশ ও চীনা প্রভাব বাড়ছে।
যদিও ডেনমার্ক ও গ্রিনল্যান্ড এই প্রস্তাব নাকচ করেছে তবে ট্রাম্প একে গুরুত্বের সঙ্গে নিতে হুঁশিয়ারি দিয়েছেন।
কলম্বিয়ার ক্ষেত্রে প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে সতর্ক করে ট্রাম্প মাদক চোরাচালান বন্ধে প্রয়োজনে সামরিক অভিযানের ইঙ্গিত দিয়েছেন। এদিকে ইরান প্রসঙ্গে ট্রাম্প জানিয়েছেন সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর কোনো হামলা হলে ওয়াশিংটন কঠোর জবাব দেবে।
২০২৬ সালে ইরানের পারমাণবিক স্থাপনায় নতুন হামলার সম্ভাবনা নিয়ে ইতিমধ্যে ইসরায়েলের সঙ্গে আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র। মেক্সিকো সীমান্তে কঠোর প্রাচীর নির্মাণ এবং মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে আমেরিকা উপসাগর করার ঘোষণাও দিয়েছেন তিনি।
কিউবা নিয়ে ট্রাম্পের পর্যবেক্ষণ হলো ভেনেজুয়েলার পতন হলে কিউবা অর্থনৈতিকভাবে এমনিতেই ভেঙে পড়বে তাই সেখানে সরাসরি হস্তক্ষেপের প্রয়োজন নাও হতে পারে। ট্রাম্পের এই আগ্রাসী নীতি বিশ্বজুড়ে নতুন উত্তেজনার সৃষ্টি করেছে। মিত্র দেশগুলোও এখন ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপ নিয়ে শঙ্কিত।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন