রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬,

যুক্তরাষ্ট্রজুড়ে ৮ হাজার ফ্লাইট বাতিল, চরম বিপর্যয়ে জনজীবন

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২৪, ২০২৬, ০৪:১২ পিএম

যুক্তরাষ্ট্রজুড়ে ৮ হাজার ফ্লাইট বাতিল, চরম বিপর্যয়ে জনজীবন

তীব্র শীতকালীন ঝড়ের কবলে পড়ে কার্যত অচল হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের আকাশপথ। ঝোড়ো হাওয়া ও ভারী তুষারপাতের কারণে শনিবার ও রবিবার মিলিয়ে দেশজুড়ে ৮ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটঅ্যাওয়্যার’-এর বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, শনিবার অন্তত ৩ হাজার ৪০০ ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে। 

এছাড়া পরিস্থিতির অবনতি হওয়ায় আগাম সতর্কতা হিসেবে রবিবারের আরও ৫ হাজার ফ্লাইট বাতিল ঘোষণা করেছে বিমান সংস্থাগুলো।

মেরিল্যান্ডের মার্কিন আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের আবহাওয়াবিদ জ্যাকব আশেরম্যান জানিয়েছেন, তীব্রতা ও বিস্তৃতির দিক থেকে এটি এই মৌসুমের সবচেয়ে বড় ঝড়। নিউ মেক্সিকো থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত প্রায় ১৪ কোটি মানুষ বর্তমানে এই ভয়াবহ শীতকালীন ঝড়ের সতর্কতার আওতায় রয়েছেন। 

পূর্ব টেক্সাস থেকে উত্তর ক্যারোলিনা পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলে ভারী তুষারপাতের পাশাপাশি লুইসিয়ানা, মিসিসিপি এবং টেনেসির কিছু অংশে এক ইঞ্চি পুরু বরফের স্তরে রাস্তাঘাট ও বিদ্যুৎ লাইন ঢেকে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।আবহাওয়াবিদরা চরম স্বাস্থ্যঝুঁকির সতর্কতা জারি করেছেন। বিশেষ করে ডাকোটা ও মিনেসোটাতে বাতাসের তীব্রতা হিমাঙ্কের ৪৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে। এমন হাড়কাঁপানো ঠাণ্ডায় পর্যাপ্ত গরম পোশাক ছাড়া বাইরে বের হলে দ্রুত ‘হাইপোথার্মিয়া’ হওয়ার ঝুঁকি রয়েছে। তীব্র বাতাসের কারণে গাছের ডাল ভেঙে পড়া এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন রাজ্য থেকে।

উদ্ভূত পরিস্থিতিতে এক ডজনেরও বেশি রাজ্যের গভর্নররা জরুরি অবস্থা ঘোষণা করেছেন। নাগরিকদের অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। টেক্সাস, ওকলাহোমা এবং কানসাসের কিছু অংশে ইতিমধ্যে কয়েক ফুট তুষারপাত রেকর্ড করা হয়েছে। ঝড়ের প্রভাবে সড়কপথের যোগাযোগও মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে, যা নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ ব্যবস্থায় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।