জানুয়ারি ২৮, ২০২৬, ১১:০৭ পিএম
যুক্তরাষ্ট্রে কর্মরত উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মীদের জন্য, বিশেষ করে ভারতীয়দের জন্য বছরের শুরুতেই এক বড় দুঃসংবাদ এল টেক্সাস অঙ্গরাজ্য থেকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির প্রতি সরাসরি সমর্থন জানিয়ে টেক্সাসের সকল সরকারি সংস্থা ও পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এইচ-১বি (H-1B) ভিসা আবেদন স্থগিত করার চূড়ান্ত ঘোষণা দিয়েছেন গভর্নর গ্রেগ অ্যাবট।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) এক সরকারি চিঠির মাধ্যমে তিনি এই কঠোর নির্দেশ জারি করেন।গভর্নর অ্যাবট তার চিঠিতে উল্লেখ করেন যে, এইচ-১বি ভিসা কর্মসূচির অপব্যবহারের ফলে অনেক চাকরির সুযোগ বিদেশি কর্মীদের হাতে চলে যাচ্ছে, যা প্রকৃতপক্ষে টেক্সাসের স্থানীয় নাগরিকদের প্রাপ্য।
তার মতে, এই কর্মসূচিটি বিশেষায়িত ও অপূরণীয় দক্ষতাসম্পন্ন কর্মী আনার জন্য তৈরি হলেও বর্তমানে এটি স্থানীয় মেধাবীদের কর্মসংস্থান সংকুচিত করছে। ফলে টেক্সাসের করদাতাদের অর্থে পরিচালিত সরকারি প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ আগামী ২০২৭ সালের ৩১ মে পর্যন্ত স্থগিত থাকবে।
এই সিদ্ধান্তটি এমন এক সময়ে এল যখন ট্রাম্প প্রশাসন এইচ-১বি ভিসা আবেদন ফি এক লক্ষ ডলারে উন্নীত করার পরিকল্পনা বাস্তবায়ন করছে। টেক্সাস সরকারের এই নতুন নির্দেশ অনুযায়ী, টেক্সাস ওয়ার্কফোর্স কমিশনের লিখিত অনুমতি ছাড়া কোনো সরকারি বিশ্ববিদ্যালয় বা হাসপাতাল নতুন কোনো এইচ-১বি পিটিশন ফাইল করতে পারবে না। এছাড়া আগামী ২৭ মার্চের মধ্যে প্রতিটি সরকারি সংস্থাকে তাদের বর্তমান বিদেশি কর্মীদের দেশ ও পদের বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পিউ রিসার্চ সেন্টারের তথ্যমতে, যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রায় ৫ লাখ ৭০ হাজার ভারতীয় নাগরিক বর্তমানে টেক্সাসে অবস্থান করছেন। যদিও টেক্সাসের বেসরকারি খাতে অধিকাংশ এইচ-১বি কর্মী কাজ করেন, তবুও সরকারি বিশ্ববিদ্যালয় ও স্বাস্থ্য খাতেও ভারতীয়দের একটি বড় অংশ নিয়োজিত। বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ ভারত-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্কের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে, যা ইতোমধ্যে বাণিজ্য ও শুল্ক ইস্যুতে কিছুটা টানাপোড়েনের মধ্যে রয়েছে। টেক্সাসের এই পথ ধরে ফ্লোরিডার মতো অন্যান্য রিপাবলিকান শাসিত অঙ্গরাজ্যগুলোও একই ধরনের পদক্ষেপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন