ফেব্রুয়ারি ৪, ২০২৬, ১০:০৯ এএম
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে গত তিন দিন ধরে চলা নজিরবিহীন সন্ত্রাসবিরোধী অভিযানে মোট ২৫৫ জন নিহত হয়েছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে ১৯৭ জন সশস্ত্র বিদ্রোহী সদস্য, যাদের পাকিস্তান সরকার ‘ভারত-সমর্থিত’ বলে দাবি করেছে। একই সময়ে বিদ্রোহীদের সঙ্গে সম্মুখযুদ্ধে পাকিস্তানের অন্তত ২২ জন সেনাসদস্য নিহত হয়েছেন।
এ ছাড়া সংঘর্ষের মাঝে পড়ে নারী ও শিশুসহ ৩৬ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। গত ৩১ জানুয়ারি থেকে প্রদেশজুড়ে একযোগে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) ১২টি শহরে সমন্বিত হামলা চালালে এই রক্তক্ষয়ী পরিস্থিতির সূত্রপাত হয়।
পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং আইএসপিআর জানিয়েছে, হামলার পর পরই কোয়েটা, গোয়াদার, মাস্তুং ও পাসনিসহ ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ‘ক্লিয়ারেন্স ও স্যানিটাইজেশন’ অপারেশন শুরু করা হয়। অভিযানে প্রথম ধাপে ৯২ জন বিদ্রোহী নিহত হলেও পরবর্তী ৪৮ ঘণ্টায় এই সংখ্যা বেড়ে ১৯৭-এ পৌঁছায়।
আইএসপিআর এই সশস্ত্র গোষ্ঠীকে ‘ফিতনা আল-হিন্দুস্তান’ হিসেবে অভিহিত করেছে। তাদের দাবি, হামলাকারীরা সাধারণ শ্রমিক, নারী ও শিশুদের ওপর নির্মম নির্যাতন চালিয়েছে। পাকিস্তান সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা জানিয়েছেন, এই হামলার নীল নকশা দেশের বাইরে থেকে করা হয়েছে এবং বিদেশি শক্তিরা সরাসরি বিদ্রোহীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে আসছিল।বেলুচিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এবং মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি এক যৌথ সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে, নিরাপত্তা বাহিনী পেশাদারিত্বের সঙ্গে বিদ্রোহীদের দমন করছে।
তবে গত কয়েক বছরের মধ্যে এটিই ছিল প্রদেশটির সবচেয়ে ভয়াবহ সংঘাত। উল্লেখ্য যে, বেলুচ লিবারেশন আর্মি দীর্ঘদিন ধরে প্রদেশের খনিজ সম্পদের অধিকার এবং স্বাধীনতার দাবিতে সশস্ত্র লড়াই চালিয়ে আসছে। বিশেষ করে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর (CPEC) প্রকল্পের কাজে নিয়োজিত বিদেশি শ্রমিক ও সরকারি স্থাপনাগুলোকে তারা নিয়মিত নিশানা করে থাকে। চলমান এই অভিযান প্রদেশের নিরাপত্তা ব্যবস্থায় এক নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন