ফেব্রুয়ারি ৬, ২০২৬, ১১:১১ এএম
ভারতের যেকোনো ধরনের উসকানি বা আগ্রাসনের বিরুদ্ধে কঠোর ও দাঁতভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বৃহস্পতিবার ‘কাশ্মীর সংহতি দিবস’ উপলক্ষে আজাদ কাশ্মীরের এক বিশাল জনসভায় দেওয়া বিশেষ ভাষণে তিনি এই হুঙ্কার ছাড়েন।
শেহবাজ শরিফ স্পষ্ট করে বলেন, ভারত যদি কোনো ফ্রন্ট থেকে উসকানি দেওয়ার চেষ্টা করে, তবে পাকিস্তান সমান শক্তি ও দৃঢ়তার সঙ্গে তার পাল্টা জবাব দেবে। তিনি আরও যোগ করেন যে, ভারতের আগ্রাসী এবং আধিপত্যবাদী উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ না করা পর্যন্ত এই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা অসম্ভব।
প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তার ভাষণে অভিযোগ করেন, মে মাসের যুদ্ধে পরাজয়ের পর ভারত এখন সরাসরি যুদ্ধের বদলে প্রক্সিদের মাধ্যমে পাকিস্তানে সন্ত্রাসবাদ ছড়াচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারতের মদদপুষ্ট যেকোনো সন্ত্রাসী তৎপরতা মোকাবিলায় পাকিস্তানের সশস্ত্র বাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলো আগের মতোই দক্ষতা ও বীরত্বের পরিচয় দেবে।
তিনি ভারতের শত্রু যুদ্ধবিমান ভূপাতিত করার প্রসঙ্গ টেনে নিজের দেশের সামরিক সক্ষমতার কথা স্মরণ করিয়ে দেন। শেহবাজের মতে, পাকিস্তান শান্তি চায় ঠিকই, তবে সেই শান্তি হতে হবে সমতা এবং ন্যায়ের ভিত্তিতে, কোনোভাবেই নতজানু হয়ে নয়। এই সময় তিনি কাশ্মীরি জনগণের দীর্ঘদিনের সংগ্রামের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন