ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৩:৪৭ পিএম
যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে আঘাত হানা শক্তিশালী এক তুষারঝড়ের কারণে নিউইয়র্ক সিটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সোমবার নিউইয়র্কের মেয়র জোহারান মামদানি এই বিশেষ সতর্কতামূলক ঘোষণা দেন। তুষারঝড়ের প্রভাবে শহরের স্বাভাবিক জনজীবন সম্পূর্ণ থমকে গেছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক কড়াকড়ি আরোপ করেছে নগর প্রশাসন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, পরিস্থিতি মোকাবিলায় জরুরি পরিষেবা ছাড়া সব ধরণের যান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
মেয়র মামদানি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় নিউইয়র্ক সিটিতে স্থানীয় জরুরি অবস্থা ঘোষণার বিষয়টি নিশ্চিত করে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছেন। ঝড়ের তীব্রতা বিবেচনা করে রবিবার রাত ৯টা থেকে সোমবার দুপুর ১২টা পর্যন্ত শহরের সব সড়ক, মহাসড়ক এবং সেতু বন্ধ রাখা হয়েছে।
জরুরি সেবার সঙ্গে যুক্ত কর্মী এবং বিশেষ প্রয়োজন ছাড়া কাউকে বাইরে বের না হওয়ার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। প্রায় ৮০ লাখ মানুষের এই শহরে গত এক দশকের মধ্যে এমন ভয়াবহ তুষারপাত ও ঝড় আর দেখা যায়নি বলে মেয়র তাঁর বক্তব্যে উল্লেখ করেছেন।যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ বা এনডব্লিউএস জানিয়েছে যে, উপকূলীয় মিড-আটলান্টিক অঞ্চল থেকে শুরু করে মেইন পর্যন্ত ভারী তুষারপাত ও শক্তিশালী বাতাসের তাণ্ডব চলতে পারে।
আবহাওয়াবিদদের মতে, কোনো কোনো এলাকায় প্রতি ঘণ্টায় প্রায় ৭ দশমিক ৬ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হতে পারে। ঝড়ের শেষ পর্যন্ত তুষারের স্তর ৩০ থেকে ৬১ সেন্টিমিটার পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা রয়েছে, যা যাতায়াত ব্যবস্থাকে প্রায় অসম্ভব করে তুলবে। এর সঙ্গে উপকূলীয় এলাকায় বন্যার সতর্কতাও জারি করা হয়েছে।আবহাওয়া বিভাগ আরও জানিয়েছে যে, ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ভারী এবং ভেজা তুষারের চাপে ও দমকা বাতাসের কারণে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কা করা হচ্ছে।
ইতিমধ্যে নিউইয়র্কের পাশাপাশি পার্শ্ববর্তী নিউ জার্সি এবং বস্টনের মতো উপকূলীয় এলাকাগুলোতেও ব্লিজার্ড বা তুষারঝড় সতর্কতা জারি করা হয়েছে। দুর্যোগের কারণে শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উদ্ধারকারী দল ও তুষার অপসারণকারী কর্মীরা মাঠে কাজ চালিয়ে যাচ্ছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন