ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ১০:০১ এএম
ইরানের চলমান অস্থির রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে দেশটিতে অবস্থানরত ভারতীয় নাগরিকদের দ্রুত ইরান ত্যাগের নির্দেশ দিয়েছে ভারত সরকার। তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে সোমবার এক জরুরি বিবৃতির মাধ্যমে এই বিশেষ পরামর্শ দেওয়া হয়। বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত পরিবর্তনশীল উল্লেখ করে দূতাবাসে নিবন্ধিত শিক্ষার্থী, ব্যবসায়ী, পর্যটক ও তীর্থযাত্রীদের বাণিজ্যিক বিমান বা যেকোনো উপলব্ধ মাধ্যমে অবিলম্বে দেশে ফেরার আহ্বান জানানো হয়েছে।
একই সাথে যারা এখনো ইরানে অবস্থান করছেন, তাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং স্থানীয় সভা-সমাবেশ এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে।ভারতীয় দূতাবাসের এই নির্দেশনার পেছনে ইরানের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বেশ কিছু কারণ কাজ করছে বলে মনে করা হচ্ছে।
বিশেষ করে গত জানুয়ারি মাস থেকেই ইরান সরকারের বিরুদ্ধে জনবিক্ষোভ দানা বাঁধতে শুরু করে। অর্থনৈতিক সংকটে ইরানি মুদ্রা রিয়ালের মান মার্কিন ডলারের বিপরীতে অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বেড়েছে।
এর আগে জার্মানি, ইতালি ও স্পেনের মতো ইউরোপীয় দেশগুলোও তাদের নাগরিকদের ইরান ছাড়ার পরামর্শ দিয়েছিল। বর্তমান প্রেক্ষাপটে ভারতীয় নাগরিকদের সুরক্ষার বিষয়টি বিবেচনা করে দিল্লি এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে।আন্তর্জাতিক রাজনীতিতে ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার উত্তেজনা বর্তমানে চরম পর্যায়ে পৌঁছেছে। আগামী বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় দুই দেশের মধ্যে পুনরায় আলোচনায় বসার কথা থাকলেও পরিস্থিতির উন্নতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
এর আগে গত ১৯ ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন যে, দ্রুত কোনো অর্থবহ চুক্তিতে না পৌঁছালে ইরানকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। তবে ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার থেকে সরে না আসার অনড় অবস্থানে রয়েছে।এদিকে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে ইরান ইস্যুতে সামরিক বিকল্প ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে হোয়াইট হাউস।
সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের ঘাঁটি, গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অবকাঠামোর তালিকা তৈরি করা হয়েছে। যুদ্ধের এই আশঙ্কাজনক পরিস্থিতির কারণেই মূলত ভারত তার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত সরিয়ে নেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে। ভারতীয় দূতাবাস সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং নাগরিকদের সাথে নিবিড় যোগাযোগ বজায় রাখছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন