সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

যুদ্ধবিমানের গর্জনে কাঁপছে আফগানিস্তান:নিহত ১৩৩

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৯:৪৩ এএম

যুদ্ধবিমানের গর্জনে কাঁপছে আফগানিস্তান:নিহত ১৩৩

আফগান সীমান্তে হামলা

পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। শুক্রবার ভোরে আফগানিস্তানের নানগারহার প্রদেশে পাকিস্তানি বিমান বাহিনীর বড় ধরনের হামলায় অন্তত ১৩৩ জন তালেবান সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পাকিস্তানের সরকারি সূত্রের বরাত দিয়ে জিওটিভি জানিয়েছে, নানগারহারে একটি বিশাল অস্ত্র ও গোলাবারুদের ডিপো লক্ষ্য করে এই বিমান হামলা চালানো হয়। 

এই হামলার পর পাকিস্তান আনুষ্ঠানিকভাবে যুদ্ধের ঘোষণা দিয়েছে বলে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। মূলত সীমান্তের উসকানিমূলক হামলার পাল্টা জবাব হিসেবে ‘গাজাব-লিল-হক’ নামক বিশেষ এই সামরিক অভিযান শুরু করেছে ইসলামাবাদ।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈদেশিক গণমাধ্যমবিষয়ক মুখপাত্র মুশাররফ জাইদি জানিয়েছেন, ভোর থেকে শুরু হওয়া এই অভিযান এখনো অব্যাহত রয়েছে। কাবুল, পাকতিয়া ও কান্দাহারে বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানছে পাকিস্তানি যুদ্ধবিমান। 

অভিযানে এ পর্যন্ত ২৭টি তালেবান চৌকি ধ্বংস এবং ৯টি দখল করার দাবি করেছে পাকিস্তান। এছাড়া হামলায় তালেবানের দুটি কোর সদর দপ্তর, তিনটি ব্রিগেড সদর দপ্তর এবং একাধিক লজিস্টিক ঘাঁটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাকিস্তানি বাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, অন্তত ৮০টির বেশি ট্যাংক, কামান ও সাঁজোয়া যান ধ্বংস করা সম্ভব হয়েছে।আফগান ভূখণ্ডে পাকিস্তানি যুদ্ধবিমানের এই গর্জনে সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। 

মুশাররফ জাইদি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় উল্লেখ করেছেন যে, দেশের সার্বভৌমত্ব রক্ষায় পাকিস্তান যেকোনো কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত। তবে আফগান তালেবান প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত এই ক্ষয়ক্ষতির বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। নিরপেক্ষ কোনো সূত্র থেকেও এই বিপুল সংখ্যক নিহতের সংবাদ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এই সামরিক অভিযানের ফলে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায় পুরো পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে।