সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

বাংলাদেশের ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা, জনমনে আতঙ্ক

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০২:২৭ পিএম

বাংলাদেশের ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা, জনমনে আতঙ্ক

কলকাতায় আতঙ্কিত মানুষ

বাংলাদেশের খুলনা ও সাতক্ষীরা অঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। শুক্রবার দুপুরে অনুভূত এই কম্পনে ওপার বাংলার শহরজুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইউরোপীয়-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার বা ইএমএসসি জানিয়েছে রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৩। 

কম্পনের কেন্দ্রস্থল বাংলাদেশের খুলনা থেকে প্রায় ২৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং সাতক্ষীরা থেকে ১৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে হওয়ায় সীমান্ত সংলগ্ন কলকাতা ও আশপাশের এলাকায় এর প্রভাব ছিল বেশ স্পষ্ট।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ও এনডিটিভির তথ্য অনুযায়ী শুক্রবার দুপুর দেড়টার দিকে কলকাতার বিভিন্ন প্রান্তে এই কম্পন অনুভূত হয়। হঠাৎ ভবনগুলো দুলতে শুরু করায় সল্টলেক ও বেহালাসহ বিভিন্ন এলাকার বাসিন্দারা দ্রুত ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন কম্পনটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল এবং এর তীব্রতা এতটাই বেশি ছিল যে আলমারি বা তাক থেকে অনেক জিনিসপত্র নিচে পড়ে যায়। 

তবে কলকাতায় এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে কলকাতার বাণিজ্যিক এলাকার বহুতল অফিসগুলো থেকে আতঙ্কিত কর্মীরা দ্রুত নিচে নেমে আসেন।ইএমএসসি শুরুতে কম্পনের মাত্রা ৫ দশমিক ৫ বললেও পরে তা সংশোধন করে ৫ দশমিক ৩ হিসেবে উল্লেখ করে। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার।

 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী এলাকায় এই ভূ-কম্পন অনুভূত হওয়ায় দুই দেশের মানুষের মধ্যেই উদ্বেগ তৈরি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে কলকাতার বাসিন্দারা তাদের ভীতিজনক অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন। তবে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং স্থানীয় প্রশাসন যেকোনো জরুরি অবস্থা মোকাবিলায় প্রস্তুত রয়েছে।