বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

সৌদিতে মার্কিন দূতাবাসে ভয়াবহ হামলা

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ৩, ২০২৬, ১০:৫৫ এএম

সৌদিতে মার্কিন দূতাবাসে ভয়াবহ হামলা

রিয়াদে মার্কিন দূতাবাস

সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রে দূতাবাসে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে সংঘটিত এই হামলার জন্য ইরানকে দায়ী করা হচ্ছে। মধ্যপ্রাচ্যে চলমান চরম উত্তেজনার মধ্যেই রিয়াদের কূটনৈতিক এলাকায় এই ড্রোন আঘাত হানার খবর পাওয়া গেল। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দুটি ড্রোন সরাসরি মার্কিন দূতাবাস কমপ্লেক্সে আঘাত হেনেছে। 

প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে, হামলার ফলে সেখানে সীমিত আকারে অগ্নিকাণ্ড ঘটেছে এবং কিছু স্থাপনার অবকাঠামোগত ক্ষতি হয়েছে। তবে স্বস্তির বিষয় হলো, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, ভোরের দিকে রিয়াদের কূটনৈতিক জোনে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং দূতাবাস ভবন থেকে আগুনের শিখা ও কালো ধোঁয়া উড়তে দেখা যায়। ওই এলাকায় বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন অবস্থিত হওয়ায় নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কঠোর থাকে। 

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন জানিয়েছেন, ভোরের দিকে দূতাবাস ভবনটি প্রায় খালি থাকায় এবং আগুনের আকার ছোট হওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। সৌদি আরবের নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পুরো এলাকাটি বর্তমানে ঘিরে রাখা হয়েছে।এদিকে হামলার পরপরই রিয়াদ, জেদ্দা ও ধাহরানে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে দূতাবাস। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের নিরাপদ আশ্রয়ে থাকতে এবং দূতাবাস সংলগ্ন এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

 

যদিও এই হামলার বিষয়ে মার্কিন দূতাবাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পরিস্থিতির ওপর গভীর নজর রাখা হচ্ছে। ইরানের পক্ষ থেকে ছোড়া ড্রোন এই হামলায় ব্যবহৃত হয়েছে বলে অভিযোগ উঠলেও তেহরানের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই ঘটনা মধ্যপ্রাচ্যের সামগ্রিক স্থিতিশীলতাকে নতুন করে ঝুঁকির মুখে ফেলবে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।